নিজস্ব প্রতিনিধি, আসানসোল: তারাতলা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা আইপ্যাকের কর্ণধার জড়িত থাকলে রেহাই নয়। তাঁদের দড়ি বেঁধে টেনে আনা উচিত। মন্তব্য করেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, ১৫ বছর ধরে উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়েছেন! গাড়ির বনেটে উঠে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ডিজে বাজানোর হুমকি শুনিয়েছেন। ডিজে বাজানো কাকে বলে এবার শুভেন্দু অধিকারীর সরকার দেখিয়ে দেবে। শুক্রবার দুর্গাপুরে এসে এভাবেই হুঁশিয়ার করলেন অগ্নিমিত্রা। প্রাক্তন মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন পুরমন্ত্রী। তিনি বলেন, শুধু আপনার ওএসডি কালীচরণ সব করেছেন বললে হবে না। তৎকালীন মন্ত্রী এবং মেয়র হিসাবে দায়িত্ব নিতে হবে আপনাকেও। ওএসডি গ্রেপ্তার হলে, প্রাক্তন মন্ত্রী-মেয়রও গ্রেপ্তার হবেন না কেন, প্রশ্ন তাঁর। ফিরহাদকে হুঁশিয়ারি অগ্নিমিত্রার, আপনার বিরুদ্ধেও ব্যবস্থা হবে।
শুক্রবার একটি কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শনে এসে অগ্নিমিত্রা বলেন, স্বাস্থ্যসাথী কার্ড করেছিলেন, তাহলে চিকিৎসার জন্য আপনি (অভিষেক) বিদেশে যাবেন কেন? আমরা আয়ুষ্মান কার্ড করেছি। বিনামূল্যে পিজিতে ভালো চিকিৎসা হবে, এমনকি চোখের চিকিৎসাও।
২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলার কর্মসূচি প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, আমরা ওদের মতো সরকার চালাই না। বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের অনুমতি নিয়ে কর্মসূচি করতে হত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেইসময় আমাদের কর্মসূচির অনুমতি দিত না। আমরা সেরকম নই। আমরা অনুমতি দেব। আপনি সভা করতেই পারেন, তবে মানুষের অসুবিধা করবেন না। এদিন নিজের জেলায় বেনিয়মের বিরুদ্ধেও সরব হয়েছেন। বলেছেন, নদী নষ্ট করতে দেব না। ১৫ বছর ধরে নদী লুট করা হয়েছে। বালি ও কয়লার কারবার বৈধভাবেই করতে হবে। সরকারের রাজস্ব ফাঁকি রুখতে হবে জেলাশাসকদের। এদিন ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন অগ্নিমিত্রা পাল। দুর্গাপুরে এক অনুষ্ঠান ভবনে তাঁকে সংবর্ধনা দেয় একটি বণিক সংগঠন। সেখানে এক আলোচনা চক্রে অংশ নিয়ে আসানসোল-দুর্গাপুরে লগ্নিতে আহ্বান জানান শিল্পপতি-ব্যবসায়ীদের। তাঁর আশ্বাস, সরকার তাঁদের পাশে থাকবে। ইসিএলের উদ্যোগে আসানসোলের নরসামুদা কোলিয়ারির সুভাষ কলোনিতে পুর্নর্নির্মীত রাস্তার উদ্বোধনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল।-নিজস্ব চিত্র