প্রয়াগরাজ: প্রাপ্তবয়স্ক মহিলারা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে পছন্দের মানুষকে বিয়ে করতেই পারেন। ভবিষ্যৎ বেছে নেওয়ার ক্ষেত্রেও তাঁদের স্বাধীনতা রয়েছে। দুই বোনের বিবাহ ও ধর্মান্তর সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট।
সম্প্রতি একটি হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেন দুই বোন। তাঁদের নাম দিব্যা ভাটিয়া ওরফে জোয়া দিয়া ভাটিয়া এবং অংশু ভাটিয়া ওরফে আমিনা অংশু ভাটিয়া। দু’জনের দাবি, বাবার ইচ্ছার বিরুদ্ধে হিন্দুধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণের পর পছন্দের পুরুষকে বিবাহের সিদ্ধান্ত নেন তাঁরা। এই পরেই জোর করে দুই তরুণীকে আটকে রাখেন তাঁদের বাবা। এর জন্য পুলিশের সাহায্য পর্যন্ত নেওয়া হয়। মামলার শুনানিতে বিচারক সন্দীপ জৈন বলেন, ‘আবেনকারীদের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। যাবতীয় অভিযোগ প্রমাণিত হলে এটাই মনে করা হবে।’ একইসঙ্গে আদালত জানিয়েছে, আগামী ৬ আগস্ট দিব্যা ও অংশুকে হাজির থাকতে হবে। দুই বোন স্বেচ্ছআয় এই সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা জানতেই এই নির্দেশ।