চেন্নাই: ভালোবাসার মানুষ। প্রায় রোজই দেখা হয়। এদিক ওদিক ঘুরতে যাওয়া লেগেই আছে। তাতে খরচও মন্দ হয় না। কিন্তু এভাবে টাকা খরচ না করে যদি ব্যাংকে রাখা হয়? তাহলে নির্দিষ্ট সময়ের পর সুদ যোগ হয়। সম্প্রতি এমন ভাবনাকেই বিজ্ঞাপনের মূল বিষয়বস্তু হিসাবে ব্যবহার করেছে চেন্নাইয়ের এক সমবায় সংস্থা। বিজ্ঞাপনে তারা লিখেছে, ‘গার্লফ্রেন্ড ০% সুদ দিতে পারে। কিন্তু আমরা ফিক্সড ডিপোজিটে দেব ১৫% সুদ।’ গোটা শহরজুড়ে ছড়িয়েছে এই বিজ্ঞাপনের পোস্টার। বিশেষ করে মেট্রোতে। আর তাতেই শুরু বিতর্ক।
বিষয়টা সহজভাবে নেননি অনেকেই। এধরনের নারীবিদ্বেষী বিজ্ঞাপনের প্রতিবাদে সরব বিভিন্ন মহল। তামিলনাড়ুর বিরোধী দল ডিএমকে বলেছে, ওই বিজ্ঞাপনের ভাষা মহিলাদের সম্পর্কে অপমানজনক। তা নারীবিদ্বেষী। বিজ্ঞাপনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তোলেন ডিএমকে সাংসদ তামিঝাচি থঙ্গাপান্ডিয়ান। কী ভাবে এমন বিজ্ঞাপন চেন্নাই মেট্রোয় প্রদর্শনের অনুমতি পেল, তা জানতে চান তিনি। ডিএমকে সাংসদের অভিযোগ, বিজ্ঞাপনের ভাষা মহিলাদের মর্যাদাহানিকর। তাঁর বক্তব্য, জনপরিসরে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে মহিলাদের সম্মানের বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। অবিলম্বে বিজ্ঞাপনটি সরিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সরব হয়েছে এআইএডিএমকেও। দলের মুখপাত্র কোভাই সত্যন বিজ্ঞাপনটির নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, বিজ্ঞাপনটি দিয়েছে ‘থেকস’ নামে একটি সমবায় ঋণদান সংস্থা। তামিলনাড়ু জুড়ে পরিবহণ কর্মীদের আর্থিক প্রয়োজন মেটানোই তাদের মূল লক্ষ্য বলে সংস্থার তরফে জানানো হয়েছে। তবে বিজ্ঞাপন প্রসঙ্গে সংস্থার তরফে কোনো বিবৃতি এখনও মেলেনি।