নয়াদিল্লি: উপযুক্ত বিমা না থাকলে পেট্রল পাম্প থেকে জ্বালানি ভরতে পারবে না গাড়ি ও বাইক। মঙ্গলবার কেন্দ্রকে পরীক্ষামূলক পদক্ষেপ (পাইলট প্রকল্প) গ্রহণ করতে বলল সুপ্রিম কোর্ট। পাশাপাশি নতুন চার চাকা গাড়ির ক্ষেত্রে ৪ বছর ও দুই চাকা গাড়ির ক্ষেত্রে ৬ বছর থার্ড পার্টি মোটর ইনসিওরেন্স বাধ্যতামূলক করারও প্রস্তাব দিয়েছে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি অগাস্টিন জর্জের বেঞ্চ। শীর্ষ আদালতে সংসদীয় কমিটি রিপোর্ট দিয়ে জানিয়েছে, মোট ৩০ কোটি গাড়ির মধ্যে প্রায় সাড়ে ১৬ কোটির বিমা নেই। শতাংশের হিসাবে যা প্রায় ৫৬ শতাংশ। সুপ্রিম কোর্টের ২০১৮ সালের এই সংক্রান্ত নির্দেশের উল্লেখ করে এদিন আদালত বলেছে, ‘আমরা লক্ষ্য করেছি নির্দেশ দেওয়ার আট বছর পরেও অধিকাংশ গাড়ি বিমার আওতাভুক্ত নয়। আইআরডিআই (ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি) ও জিআইসি (জেনারেল ইনসিওরেন্স কাউন্সিল) বিমার সময়সীমা আর না বাড়ানোর কথা বলেছিল। পথ নিরাপত্তার কথা চিন্তা করে আমরা সময়সীমা আরো ১ বছর বাড়ানোর পক্ষে।’



