Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি বাস নেই, বিনামূল্যে সফরের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন হুগলি জেলার মহিলারা

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তারকেশ্বরে বিশাল আকারের বাসস্ট্যান্ড থাকলেও এখান থেকে কোনো সরকারি বাস ছাড়ে না।

সরকারি বাস নেই, বিনামূল্যে সফরের সুযোগ  থেকে বঞ্চিত হচ্ছেন হুগলি জেলার মহিলারা
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তারকেশ্বরে বিশাল আকারের বাসস্ট্যান্ড থাকলেও এখান থেকে কোনো সরকারি বাস ছাড়ে না। স্বাভাবিকভাবেই এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন তারকেশ্বরের মহিলারা। একইভাবে বঞ্চনার শিকার হচ্ছেন হরিপাল ও ধনেখালি বিধানসভা কেন্দ্রের মহিলারা।

Advertisement

তারকেশ্বরে পাশাপাশি রয়েছে দু’টি বাসস্ট্যান্ড। জেলার মধ্যে অন্যতম বড়ো বাসস্ট্যান্ড বলেই পরিচিত এটি। এই বাসস্ট্যান্ড থেকে হলদিয়া, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন ছুটছে একাধিক বেসরকারি বাস। কিন্তু সরকারি বাস একটিও নেই। অথচ এই বাসস্ট্যান্ডের সরকারি জমিতে দিব্যি দোকান বানিয়ে ব্যবসা করে চলেছে তৃণমূলের নেতা-কর্মীদের একাংশ।
তারকেশ্বরে সরকারি বাস না থাকায় এই অঞ্চলের মহিলারা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাচ্ছেন না। সরকারের এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন হরিপাল, ধনেখালি সহ বেশ কয়েকটি বিধানসভা এলাকার মহিলারা। স্থানীয়দের কথায়, জেলার একাধিক এলাকায় এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছি আমরা। জেলার সিংহভাগ জায়গাতেই সরকারি বাস অমিল। এ বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধলে বলেছেন, তারকেশ্বর থেকে প্রায় ৩০০-৩৫০টি বাস ছাড়ে। অথচ সরকারি বাস একটিও নেই।
হরিপালের বিধায়ক মধুমিতা ঘোষ বলেন, হরিপালে কোনো বাসস্ট্যান্ড নেই। ভোটের আগে আমি হরিপালবাসীকে কথা দিয়েছি, স্টেশন সংলগ্ন এলাকায় বাসস্ট্যান্ড বানিয়ে দেব। সেইমতো স্টেশনের কাছে জায়গা দিতে রেলদপ্তরকে অনুরোধ করেছি। রেল পর্যাপ্ত জায়গা দিলে সেখানে বাসস্ট্যান্ড তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে এখান থেকেই সরকারি বাস পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা বাড়বে। হরিপালের মহিলারাও এই পরিষেবা পাবেন।
তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, তারকেশ্বর একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান।  মহাদেব এক্সপ্রেস নামে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। কলকাতার এসপ্ল্যানেডের বাস টার্মিনাস থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত পরিষেবা দেবে এই বাস। ৫০টি আধুনিক এসি ভলভো ও সিএনজি বাসের প্রস্তাব পাঠানো হয়েছে। মহাদেব এক্সপ্রেস অ্যাপ, পেটিএম, ইউপিআই-এর মাধ্যমে অনলাইনে প্রি-বুকিংয়ের ব্যবস্থা থাকবে। এই বাসে প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম যাত্রী এবং সরকারি ঘোষণা অনুযায়ী ছাড় পাওয়ার যোগ্য সকলেই বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এছাড়াও তারকেশ্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি বাস চালুর প্রস্তাব পাঠানো হয়েছে। সরকারি বাস পরিষেবা চালু হলে তারকেশ্বর সহ জেলার মহিলারা বিনামূল্যের যাতায়াতের সুবিধা পাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ