Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্যোগ, জল্পেশ মন্দিরে হল না হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি

জল্পেশ মন্দিরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হয়নি বৃষ্টির কারণে। বহু পুণ্যার্থী হতাশ হয়ে ফিরলেন। আগামী সোমবার নতুন আশা। বিস্তারিত পড়ুন।

দুর্যোগ, জল্পেশ মন্দিরে হল না হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: সরকারি নির্দেশ মতো ঠিক ছিল,  শ্রাবণ মাসের পাঁচটি সোমবার জল্পেশ মন্দিরের উপর হেলিকপ্টার থেকে হবে পুষ্পবৃষ্টি।  প্রস্তুতিও নিয়ে রেখেছিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। কিন্তু বাধ সাধল প্রকৃতি। সোমবার বৃষ্টির কারণে উড়ল না কপ্টার। ফলে অনেক আশা নিয়ে দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা দেখতে পেলেন না পুষ্পবৃষ্টি। মন্দির কমিটি জানিয়েছে, আগামী সপ্তাহে আবহাওয়া ঠিক থাকলে কপ্টারে পুষ্পবৃষ্টি হবে। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গিয়েছে,  হাজার হাজার পুণ্যার্থীর মাঝে মন্দির ক্যাম্পাসের মাথায় চক্কর কাটছে হেলিকপ্টার এবং সেখান থেকে অনবরত হচ্ছে পুষ্পবৃষ্টি! পরে জানা যায়, সেটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।

Advertisement

এদিন শ্রাবণ মাসের প্রথম সোমবার অসম, শিলিগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্ত আসেন। কমবেশি প্রত্যেকেই জানান, তাঁরা জানতে পেরেছেন এবার জল্পেশ মন্দিরে পুষ্পবৃষ্টি করা হবে। সেই কারণে রবিবার রাতে চলে আসেন অনেকে। সোমবার দুপুর পর্যন্ত অপেক্ষা করলেও পুষ্পবৃষ্টি হল না। গর্ভগৃহে গিয়ে পুজো দিলেও পুষ্পবৃষ্টি দেখতে না পেরে হতাশ হয়েই ফিরলেন একাংশ পুণ্যার্থী। 
এদিন অসম থেকে এসেছিলেন পঁচাত্তর বছর বয়সি উজ্জ্বলা মণ্ডল। তিনি বলেন, পুষ্পবৃষ্টি দেখার জন্য অসম থেকে দুই ছেলে ও নাতিদের সঙ্গে এসেছি। কিন্তু জানতে পারলাম পুষ্প বৃষ্টি হবে না। আকাশ পরিষ্কার থাকলে আগামী সোমবার হবে। এদিন পুজো দিয়েই বাড়ির উদ্দেশে রওনা হলাম। শিলিগুড়ি থেকে পরিবার নিয়ে এসেছিলেন নীরেন রায়। বলেন, ভেবেছিলাম পুজো দেওয়ার পর পুষ্পবৃষ্টি দেখব। মোবাইলে ছবি তুলব ঠিক করেছিলাম। কিন্তু সেটা আর হল না। জানতে পারলাম পুষ্প বৃষ্টি হবে না। 
মন্দির কমিটি জানিয়েছে, আবহাওয়া ঠিক না থাকায় পুষ্পবৃষ্টি হল না। আগামী সোমবার আশা করি, পুষ্পবৃষ্টি করা যাবে। ময়নাগুড়ির বিডিও সৌমেন দাসকে ফোন করা হলে তিনি বলেন, আবহাওয়া খারাপ থাকার কারণেই জল্পেশ মন্দিরে হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি স্থগিত রাখা হয়েছে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ