Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কনফার্মড টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ নয়, ভিড় ঠেকাতে নতুন নির্দেশ রেলের

কনফার্মড টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ নয়, ভিড় ঠেকাতে নতুন নির্দেশ রেলের
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্টেশনের রেল কর্মীদের জন্য বিশেষ ইউনিফর্ম এবং বুকে ঝোলানো সচিত্র পরিচয়পত্র। রেলওয়ে স্টেশন চত্বরে কিংবা প্ল্যাটফর্মে যেকোনও আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত রেল কর্মীদের চিহ্নিত করতে এমনই উদ্যোগ নিচ্ছে মন্ত্রক। বিনা টিকিটের যাত্রী কিংবা ওয়েট লিস্টে থাকা রেল যাত্রীদের অপেক্ষা করতে হবে স্টেশন চত্বরের অস্থায়ী প্রতীক্ষাশালায়। সরাসরি প্ল্যাটফর্মে যাওয়ার অনুমতি পাবেন শুধু ট্রেনের কনফার্মড টিকিটধারী যাত্রীরাই। স্টেশন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেবেন স্টেশন ডিরেক্টর। তাঁর হাতেই থাকবে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ভার। তবে ক্ষমতার বাইরে গিয়ে জেনারেল ক্লাসের টিকিট বিক্রি করা যাবে না। শুক্রবার রেল বোর্ডের শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সূত্রের খবর, ‘ক্রাউড ম্যানেজমেন্ট’ সুষ্ঠুভাবে করার লক্ষ্যে বোর্ডের সঙ্গে মন্ত্রীর বৈঠকে সর্বমোট ১৮ দফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

Advertisement

রেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, গতবারের থেকে এই বছর হোলি এবং দোলযাত্রায় প্রায় দেড় গুণ বেশি স্পেশাল ট্রেন চালানো হবে। অর্থাৎ, স্টেশনগুলিতে ফের মাত্রাছাড়া যাত্রী ভিড়ের পরিস্থিতি তৈরি হবে। তাই সতর্ক হচ্ছে রেল। শুক্রবারের বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক স্টেশনের জেনারেল ক্লাসের টিকিট বিক্রির সীমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্টেশন অধিকর্তাই। পদপিষ্টের ঘটনার পরই ‘হাই ডেনসিটি ফুটফল’ স্টেশনগুলিতে (অর্থাৎ, যেসব স্টেশনে যাত্রীদের ভিড় তুলনায় বেশি হয়) ‘হোল্ডিং জোন’ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রেলমন্ত্রক। ইতিমধ্যেই এই ব্যাপারে ৬০টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। নিউদিল্লি, আনন্দবিহার, বারাণসী, অযোধ্যা এবং পাটনা স্টেশনে এই সংক্রান্ত পাইলট প্রজেক্টও শুরু হয়েছে। রেল সূত্রের খবর, এদিনের বৈঠকে এর উল্লেখ করে রেলমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণে ‘হোল্ডিং জোন’এর উপরই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। কনফার্মড টিকিট না থাকা যাত্রীরা যাতে কোনওমতেই এই হোল্ডিং-জোনের বাইরে যেতে না পারে, তা নজরে রাখতে হবে। কোথাও যদি ‘আন-অথরাইজড এন্ট্রি পয়েন্ট’ থাকে, যা গলে প্ল্যাটফর্মে চলে যাওয়া যায়, সেগুলি অবিলম্বে চিহ্নিত করে ‘সিল’ করে দিতে হবে। বাড়ানো হচ্ছে ফুট-ওভার-ব্রিজের পরিসরও। ২০ ফুট এবং ৪০ ফুটের দু’টো ডিজাইন অনুমোদিত হয়েছে এদিনের বৈঠকে। ক্যামেরায় নজরদারি, ওয়ার-রুম, ওয়াকি-টকির ব্যবহার আরও বৃদ্ধি করা হচ্ছে স্টেশনগুলিতে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ