নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইউপিআই চার্জ নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে গ্রাহক মহলে। তা নিয়ে অযথা আতঙ্কের কিছু নেই বলেই আশ্বস্ত করলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও অশোক চন্দ্র। তিনি জানান, সাধারণ গ্রাহকের জন্য ইউপিআই আগের মতোই সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ গ্রাহক পাঁচ হাজার টাকার কেনাকাটায় পাঁচ হাজার টাকাই দেবেন, বাড়তি কিছু নয়। দিনে যতবার খুশি ইউপিআই-এর মধ্যে পেমেন্ট করা যাবে। কারণ এক্ষেত্রে কোনো সীমা নেই। যদি কোনো ব্যবসায়ী ক্রেতার থেকে এই বাবদ বাড়তি টাকা দাবি করেন, তাহলে তা তিনি ব্যাংক বা সংশ্লিষ্ট ইউপিআই অ্যাপে অভিযোগ আকারে জানাতে পারবেন। ছোটো দোকানদারদেরও চিন্তা নেই। প্রতিমাসে কিউআর কোডে এক লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে কোনো মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর লাগবে না। মুদি দোকান, হকারদের উপর কোনো বোঝা পড়বে না। ১৫ অক্টোবর ২০২৬ থেকে শুধু বড়ো ব্যবসায়ীদের ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি লেনদেনে ০.৪% এমডিআর বসবে, যা সর্বোচ্চ ৩০০ টাকা। যেমন ৩,০০০ টাকায় ১২ টাকা। পেট্রল-ডিজেল, রেল, বিমার মতো জরুরি পরিষেবায় ফ্ল্যাট ৫ টাকা। অশোক চন্দ্র বলেন, এটা সরকারি কর নয়। ইউপিআই পরিকাঠামোকে টিকিয়ে রাখতেই এই সামান্য চার্জ ধার্য করা হয়েছে।



