Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রার্থী ঘোষণাই হয়নি, দেওয়াল চুনকাম করে বসে কংগ্রেস কর্মীরা

জেলার কোনও বিধানসভা কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি কংগ্রেস।

প্রার্থী ঘোষণাই হয়নি, দেওয়াল চুনকাম করে বসে কংগ্রেস কর্মীরা
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: জেলার কোনও বিধানসভা কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি কংগ্রেস। কিন্তু তৃণমূল, বিজেপি, সিপিএম থেকে আইএসএফ, এসইউসি-র মতো সব দল তাদের প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছে। ইতিমধ্যে ওইসব দলের প্রার্থীরা জোরকদমে ভোটপ্রচারে নেমেও পড়েছেন। চলছে দেওয়াল লেখা সহ অন্যান্য কর্মসূচি। অবস্থা দেখে কার্যত হতাশ কংগ্রেসের নিচুতলার কর্মী, সমর্থকরা। অনেকদিন আগে থেকেই তাঁরা বজবজ, টিএম ব্লকে দেওয়াল চুনকাম করে রেখেছেন। কিন্তু প্রার্থীর নাম লিখতে পারছেন না। কারণ, প্রার্থী নিয়ে কংগ্রেস নেতৃত্বের কোথাও কোনো উচ্চবাচ্য নেই। রোজই কর্মীরা আশায় আশায় বসে থাকেন, এই বুঝি নাম ঘোষণা হল। কিন্তু কোনো খবর নেই।

Advertisement

মহেশতলা, বজবজ, সাতগাছিয়া থেকে বিষ্ণুপর— সব জায়গায় কংগ্রেসের কর্মীদের মুখে একটাই কথা, এইভাবে অপেক্ষা করতে করতে কাজের উদ্যম নষ্ট হতে বসেছে। এমনিতে কংগ্রেসের সাংগঠনিক অবস্থা এতটাই বেহাল যে, লোক খুঁজে বের করতে সময় লেগে যায়। তার উপর প্রার্থী ঘোষণার ব্যাপারে এতটা দীর্ঘ সময় লেগে যাওয়ায় কেউ আর বের হতে চাইবেন না।
মহেশতলা পুরসভায় এক সময় তৃণমূল ও কংগ্রেস জোটের ভাইস চেয়ারম্যান ছিলেন প্রশান্ত মণ্ডল। দীর্ঘদিন ধরে কংগ্রেস করে আসছেন। তাঁর কথায়, সব দল চোখের সামনে প্রার্থী নিয়ে প্রচার চালাচ্ছে। আর আমরা চুপচাপ বসে আছি। একেবারেই ভালো লাগছে না। হতাশ হয়ে যাচ্ছি। এমনিতে কংগ্রেস দলে এখন ভাটা চলছে। এর মধ্যে কাজ করতে হলে আগে আগে যেতে হবে। সেখানে এতটা ঝিমিয়ে যাওয়ার কারণে কর্মীদের কাছে ভুল বার্তা যাচ্ছে। প্রতিদিন কর্মীরা এসে জানতে চাইছেন, কী, প্রার্থী ঘোষণা হল? সঠিক বলতে পারছি না। ম্যানেজ করার জন্য বলতে হচ্ছে, আর ক’দিনের মধ্যে হয়ে যাবে! কংগ্রেসের ঠাকুরপুকুর মহেশতলা ব্লক সভাপতি নজরুল ইসলাম বেগও স্বীকার করেন, দেরি হওয়ার জন্য কর্মীরা অস্থির হয়ে পড়ছেন। তিনি জানান, তবে কিছু দেওয়াল আমরা চুনকাম করেছি। কর্মীদের নিয়ে বসে আলোচনাও করেছি।
কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনা সাংগঠনিক জেলা ১-এর কার্যকরী সভাপতি শেখ মুজিবর রহমান অবশ্য এই বিলম্বের জন্য কর্মীরা হতাশ, এমনটা মানতে রাজি নন। তাঁর দাবি, কংগ্রেস একটি সর্বভারতীয় দল। তাই কেন্দ্রীয়ভাবে দিল্লি থেকে প্রার্থী ঘোষণা করা হয় আমাদের। এখন পশ্চিমবঙ্গ সহ আরও পাঁচটি রাজ্যে নির্বাচন। তাই প্রার্থী ঘোষণা করার ক্ষেত্রে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে দল। আশা করা যায়, ক’দিনের মধ্যে তালিকা প্রকাশিত হয়ে যাবে। তিনি বলেন, আমাদের কেউ বসে নেই। বজবজ বিধানসভা কেন্দ্রের দেওয়াল চুনকাম হয়ে গিয়েছে। কর্মীদের সঙ্গে বৈঠকও শেষ।    

Advertisement
সম্পর্কিত সংবাদ