সংবাদদাতা, রামপুরহাট: চার বছর ধরে নির্বাচিত পুর বোর্ড নেই, পুরসভার মাথায় প্রশাসক। আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যাহত হচ্ছে ন্যূনতম পুর পরিষেবা। এমনই অভিযোগে সোমবার নলহাটি শহরে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিএম।
সংবাদদাতা, রামপুরহাট: চার বছর ধরে নির্বাচিত পুর বোর্ড নেই, পুরসভার মাথায় প্রশাসক। আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যাহত হচ্ছে ন্যূনতম পুর পরিষেবা। এমনই অভিযোগে সোমবার নলহাটি শহরে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিএম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৬টি ওয়ার্ড নিয়ে গঠিত নলহাটি পুর বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল ২০২২ সালের ৩০ আগস্ট। তারপর থেকেই প্রশাসক হিসাবে ছিলেন স্থানীয় বিধায়ক। রাজ্যে পালাবদলের পর প্রশাসক হিসাবে বসনো হয়েছে রামপুরহাট মহকুমা শাসককে। শহরবাসীর অভিযোগ, দীর্ঘ চার বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বিদায়ী কাউন্সিলরদেরও গা ছাড়া মনোভাব তৈরি হয়েছে। সমস্যা সমাধানের জন্য নাগরিকদের অভিযোগ শোনার কেউ নেই।
প্রতিবাদে সোমবার নলহাটি স্টেশন সংলগ্ন এলাকা থেকে সিপিএমের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরসভার দিকে এগিয়ে যায়। পুর ভবনের সামনে পৌঁছে প্রতিনিধিরা একটি পথসভা করেন। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক গৌতম ঘোষ এবং জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মণ।
বক্তারা অভিযোগ করেন, একাধিক ওয়ার্ডে নিকাশি নালা বুজে রয়েছে, চারপাশ ঝোপঝাড়ে ভরে যাওয়ায় মশা-মাছির উপদ্রবে মানুষ অতিষ্ঠ। দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে রাস্তার আলো। ফলে সন্ধ্যা নামলেই শহরের গলিপথ অন্ধকারে ডুবে থাকে। পানীয় জলের সংকটও তীব্র হয়েছে। সঞ্জীববাবু বলেন, স্থানীয় বিধায়ক একটা প্রতীকে জিতে অন্য দলের নেতার কোলে গিয়ে দুলছে। পঞ্চায়েত ও সমিতিতে কে সভাপতি, প্রধান হবেন, এই নিয়েই নিজেরা ব্যস্ত। মানুষের পরিষেবার দিকে নজর নেই। নতুন সরকারেরও একশো দিন পেরিয়ে গেলেও তারা নীরব দর্শক। নাগরিক পরিষেবার দিকে কারও নজর নেই। এদিনের কর্মসূচি থেকে পুর পরিষেবা স্বাভাবিক করার পাশাপাশি ‘অন্নপূর্ণা যোজনা’-এ মহিলাদের হয়রানি বন্ধ এবং এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া প্রকৃত ভোটারদের নাম নির্বাচন কমিশনের তালিকায় পুনর্ভুক্ত করার দাবি জানানো হয়। পথসভা শেষে পুরসভায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
পুরসভার পক্ষ থেকে এক আধিকারিক জানান, আন্দোলনকারীদের দাবিপত্রটি পুরসভার প্রশাসক তথা মহকুমা শাসকের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এদিন একাধিক দাবিতে রামপুরহাটেও মিছিল করে সিপিএম।