আমেদাবাদ: মোতেরায় নজির গড়লেন শুভমান গিল। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে নিজের ৫০তম একদিনের ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন তিনি। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে গিল করেন ১১২। এটি তাঁর ওডিআই কেরিয়ারের সপ্তম শতরান। এর জন্য তিনি নিয়েছেন ৫০টি ইনিংস। সেই হিসেবেও তিনি দ্রুততম। মোতেরায় তিন ফরম্যাটেই শতরান হয়ে গেল গিলের। এর আগে টেস্ট এবং টি-২০ ম্যাচে গিলের তিন অঙ্কের রানের সাক্ষী ছিল এই স্টেডিয়াম। এবার একদিনের ক্রিকেটেও তাঁর শতরানের মুহূর্তে দাঁড়িয়ে উঠে অভিবাদন জানাল গ্যালারি। কোনও একটি স্টেডিয়ামে তিন ফরম্যাটেই শতরানের কীর্তি এর আগে ছিল ফাফ ডু’প্লেসি (ওয়ান্ডারার্স), ডেভিড ওয়ার্নার (অ্যাডিলেড ওভাল), বাবর আজম (ন্যাশনাল স্টেডিয়াম) ও কুইন্টন ডি’ককের (সুপারস্পোর্ট পার্ক)। সেই তালিকায় এবার যোগ হল গিলের নাম। পাশাপাশি একদিনের ক্রিকেটে দ্রুততম আড়াই হাজার রানের নজির গড়লেন তিনি।



