Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

নজরে আলকারাজ-জোকার দ্বৈরথ

নজরে আলকারাজ-জোকার দ্বৈরথ
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
মেলবোর্ন: ঢাকে কাঠি পড়ে গেল অস্ট্রেলিয়ান ওপেনের। রবিবার থেকে টেনিসবিশ্বের ফোকাস থাকবে মেলবোর্ন পার্কের সেন্টার কোর্টে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে। ২৫তম খেতাবের লক্ষ্যে সোমবার পুরুষদের সিঙ্গলসে সপ্তম বাছাই হিসেবে নামছেন নোভাক জকোভিচ। গত মরশুমে একটি গ্র্যান্ড স্ল্যামও ঘরে তুলতে পারেননি সার্বিয়ান মহাতারকা। তাই অস্ট্রেলিয়ান ওপেনে সকলের নজর থাকবে জোকারের উপর। শনিবার প্রকাশিত সূচি অনুসারে প্রথম রাউন্ডে জোকভিচের প্রতিপক্ষ ভারতীয় বংশোদ্ভুত নিশেষ বসবোরেড্ডি। ১৯ বছরের মার্কিন তরুণের এটাই প্রথম গ্র্যান্ড স্ল্যাম। তবে ২০২২ সালে আমেরিকা ওপেনে জুনিয়রদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন নিশেষ । এটিপির ক্রমতালিকায় ১৩৩ নম্বরে রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর দরজা খুলেছে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে। জকোভিচকে তিনি কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন কিনা, তা নিয়ে আগ্রহ রয়েছে ভারতীয় টেনিসপ্রেমীদেরও। 
Advertisement
তবে তৃতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজকেই ধরা হচ্ছে জোকারের প্রধান প্রতিদ্বন্দ্বী। শীর্ষবাছাই জানিক সিনার, চতুর্থ বাছাই টেলর ফ্রিৎজ, পঞ্চম বাছাই ড্যানিল মেডভেদেভও কাঁটা হয়ে উঠতে পারেন জকোভিচের পথে। রবিবার পুরুষদের সিঙ্গলসে কোর্টে নামছেন দ্বিতীয় বাছাই অলেকজান্ডার জেরেভ। তাঁর প্রতিপক্ষ ফরাসি টেনিস খেলোয়াড় লুকাস পুইলি। এছাড়া ষষ্ঠ বাছাই ক্যাসপার রুড খেলবেন স্পেনের জাউমে মুনারের বিপক্ষে। এদিন প্রথম রাউন্ডের ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করবেন সুমিত নাগাল। তিনি মুখোমুখি হবেন টমাস মাচেকের। চেক প্রজাতন্ত্রের এই টেনিস খেলোয়াড় প্রতিযোগিতার ২৬ নম্বর বাছাই। 
অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে রবিবার অভিযান শুরু করছেন আরিনা সাবালেঙ্কা। শীর্ষ বাছাই এই খেলোয়াড়ের প্রতিপক্ষ আমেরিকার স্লোয়ানে স্টিফেন্স। পঞ্চম বাছাই চীনের জেং কিনওয়েনের প্রতিপক্ষ অ্যাঙ্কা টোডোনি। মিক্সড ডাবলসে ঋত্বিক চৌধুরী নামবেন আমেরিকার রায়ন সেগেরম্যানের সঙ্গে জুটি বেঁধে। মঙ্গলবার তাঁরা মুখোমুখি হবেন হ্যারি হেলিওভারা ও হেনরি প্যাটেনের।
সম্পর্কিত সংবাদ