Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬

বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক নীতিন নবীনের, বিশেষ নজর বাংলায়

দলের নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করলেন বিজেপি সভাপতি নীতিন নবীন

বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক নীতিন নবীনের, বিশেষ নজর বাংলায়
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলের নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করলেন বিজেপি সভাপতি নীতিন নবীন। গত শনিবার নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। মূলত আগামী বছর ভোটমুখী রাজ্যগুলিতে সাংগঠনিক এবং নির্বাচনি প্রস্তুতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। যদিও প্রতি সপ্তাহে একবার সর্বভারতীয় সাধারণ সম্পাদকদের সঙ্গে দলীয় সভাপতির বৈঠক করাই দস্তুর। কিন্তু নবনিযুক্ত সাধারণ সম্পাদকদের সঙ্গে বিজেপি সভাপতির প্রথম বৈঠককে উল্লেখযোগ্য বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবারের বৈঠকে ভোটমুখী রাজ্যগুলিতে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি, জনপ্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি উদযাপন নিয়েও সাধারণ সম্পাদকদের মধ্যে দায়িত্ব ভাগ করেছেন নীতিন। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। জাতীয় পদাধিকারীদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই উপলক্ষে দেশজুড়ে একমাস ব্যাপী সেবা সংকল্প অভিযান কর্মসূচি পালন করবে বিজেপি। 

Advertisement

জানা যাচ্ছে, বৃহস্পতিবারের বৈঠকে আলাদা করে বাংলায় দলীয় সংগঠন নিয়েও খোঁজখবর নিয়েছেন নীতিন। কলকাতা এবং হাওড়ায় পুরভোটের প্রস্তুতি কেমন চলছে, বিজেপির অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের কাছে সেই সম্পর্কে জানতে চেয়েছেন তিনি। আগামী মাসের গোড়াতেই তিনদিনের সফরে বাংলায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। রাজ্যে গিয়ে দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে জোনভিত্তিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।

Advertisement
সম্পর্কিত সংবাদ