Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

নীতিন গাদকারির অবসরের জল্পনা ওড়াল তাঁর দপ্তর

কর্মক্ষেত্রে আরও বেশি করে নবীনদের যোগদান করা উচিত। রবিবার নাগপুরের একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি।

নীতিন গাদকারির অবসরের জল্পনা ওড়াল তাঁর দপ্তর
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কর্মক্ষেত্রে আরও বেশি করে নবীনদের যোগদান করা উচিত। রবিবার নাগপুরের একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি। তাঁকে আরও বলতে শোনা যায়, ‘বয়স হয়েছে। আগের মতো আর কাজ করতে পারব না।’ এরপরেই গাদকারির অবসর নিয়ে চর্চা শুরু হয়ে যায় সর্বত্র। মঙ্গলবার অবশ্য তাঁর দপ্তরের পক্ষে অবসরের জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আগের মতো কাজ করতে পারবেন না বলে একটি অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন গাদকারি। আরও বেশি সুযোগ দিলে নবীন প্রজন্ম দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হয়ে উঠবে বলে তিনি জানিয়েছিলেন। তাঁর সংস্থার কাজকর্ম এবং ভবিষ্যতের নেতৃত্ব প্রসঙ্গেই এই মন্তব্য। এই মন্তব্যের রাজনৈতিক প্রেক্ষিত নিয়ে কিছু টিভি চ্যানেল যে খবর করছিল, তা বাস্তবে ঠিক নয়।’ 

Advertisement

লক্ষ্মণ রাও মানকর ট্রাস্ট নামে একটি জনকল্যাণমূলক সেবা প্রতিষ্ঠান রয়েছে গাদকারির। এই প্রতিষ্ঠানের অধীনে আদিবাসী এলাকায় একাল বিদ্যালয় নামে শিক্ষাপ্রতিষ্ঠান চলে। রবিবার নাগপুরে সংস্থার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বক্তব্য রাখছিলেন। ভাইরাল ভিডিয়োতে গাদকারিকে বলতে শোনা গিয়েছে, ‘আমি আর আগের মতো বেশি কাজ করতে পারব না। যুবকদের আরও বেশি কাজ দেওয়ার আরজি জানাচ্ছি আমি। বহু যুবক এসেছে। প্রবীণরা তাদের পথ দেখাচ্ছে।’ এতেই তাঁর অবসরের জল্পনা জোরদার হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ