Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মণীশ শুক্লা হত্যাকাণ্ডেও এবার নাম জড়াল নির্মলের

আরও বিপাকে নির্মল ঘোষ। টিটাগড় পুরসভার প্রাক্তন কাউন্সিলার মণীশ শুক্লা খুনের ঘটনায় নির্মল ঘোষের বিরুদ্ধে রবিবার নতুন করে এফআইআর দায়ের হয়েছে।

মণীশ শুক্লা হত্যাকাণ্ডেও এবার নাম জড়াল নির্মলের
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: আরও বিপাকে নির্মল ঘোষ। টিটাগড় পুরসভার প্রাক্তন কাউন্সিলার মণীশ শুক্লা খুনের ঘটনায় নির্মল ঘোষের বিরুদ্ধে রবিবার নতুন করে এফআইআর দায়ের হয়েছে। এদিন প্রয়াত বিজেপি নেতার বাবা চন্দ্রমণি শুক্লা টিটাগড় থানায় প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, মণীশ শুক্লা খুনের তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যে সাক্ষ্যদানের পর্বও শুরু হয়েছে। তাই এই অভিযোগও তদন্তের জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হবে। 

Advertisement

২০২০ সালের ৪ অক্টোবর রাতে টিটাগড় থানার কাছেই মণীশ খুন হন। বিজেপির অভিযোগ, তৃণমূল জমানায় বিগত ছ-বছরে সিআইডি মূল অভিযুক্তদের ধরেনি। চন্দ্রমণি শুক্লা এদিন বলেন, অভিযুক্তরা এখনো বহাল তবিয়তে ঘুরছে। মণীশ খুনে আমরা নির্মলের নাম অভিযোগপত্রে রেখেছিলাম। কিন্তু ওইসময় পুলিশ সেটি যুক্ত করেনি। মণীশ খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও মোটরবাইক নির্মলের বাড়ির পাশেই উদ্ধার হয়। কিন্তু নির্মল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ। তাই পুলিশ তাঁকে ছোঁয়নি। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরানো মামলাটি নতুন করেই চালু করছেন। তাই আমিও ফের এফআইআর করলাম। এবার তদন্তে গতি আসবে এবং প্রকৃত দোষীদের সাজার ব্যবস্থা হবে, আশাবাদী চন্দ্রমণি। 
এই বিষয়ে মন্ত্রী অর্জুন সিংয়ের অভিযোগ, মণীশ খুনে নির্মল ও তাঁর ছেলে জড়িত। নির্মলকে হেপাজতে নিয়ে তদন্ত করা উচিত। উল্লেখ্য, অভয়া ইস্যুতে নির্মলের নামে নতুন এফআইআর হয়েছে। তার ভিত্তিতে অবশেষে গ্রেপ্তারও হয়েছেন নির্মল। অভয়া মামলায় নির্মল শ্রীঘরে ঢুকতেই মণীশ হত্যার পুরানো মামলায়ও জড়ালেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ