সংবাদদাতা, বাগডোগরা: সিকিমে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সংযোজন হতে চলেছে নির্মলা দেবী ইউনিভার্সিটি, সিকিম (এনডিইউ)। এই বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ২০২৭-’২৮ শিক্ষাবর্ষ থেকে পঠনপাঠন শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যেই বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ অধ্যাপক ডঃ শ্রীজিথ এস জি’কে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে। সিকিমের গ্যাংটকে নির্মলা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে উঠছে এই আবাসিক বিশ্ববিদ্যালয়।
উচ্চশিক্ষা প্রসারের পাশাপাশি সিকিমের সমৃদ্ধ সংস্কৃতি, হিমালয়ের পরিবেশ এবং স্থানীয় মূল্যবোধকে শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করাই এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে। নির্মলা দেবী ইউনিভার্সিটিতে কলা, বিজ্ঞান, বাণিজ্য, আইন, শিক্ষা, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষার পাঠ দেওয়া হবে। ছেলে ও মেয়েদের জন্য হস্টেলের ব্যবস্থা থাকবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। সিকিম ও উত্তর-পূর্ব ভারতে উচ্চমানের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এই বিশ্ববিদ্যালয়টিকে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক শ্রীজিথ এস জি আইন ও শিক্ষা প্রশাসন ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। ভারত ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষাগত ও প্রশাসনিক দায়িত্ব সামলেছেন তিনি। নয়া এই বিশ্ববিদ্যালয় চালু হলে সিকিমের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও একটি নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।