Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নয় মাসের শিশুকে চুরি করে দম্পতির কাছে বিক্রি, ধৃত ৩

নয় মাসের শিশুকে চুরি করে এক দম্পতির কাছে বিক্রির অভিযোগ উঠেছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানা এলাকার রিপন স্ট্রিটে।

নয় মাসের শিশুকে চুরি করে  দম্পতির কাছে বিক্রি, ধৃত ৩
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নয় মাসের শিশুকে চুরি করে এক দম্পতির কাছে বিক্রির অভিযোগ উঠেছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানা এলাকার রিপন স্ট্রিটে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দম্পতি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা। উদ্ধার করা হয়েছে শিশুটিকে। তাকে মায়ের হাতে তুলে দেওয়া হচ্ছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, রিপন স্ট্রিট এলাকায় ফুটপাতে দুই সন্তান নিয়ে থাকেন এক মহিলা। এরমধ্যে একটি শিশুর বয়স ন’মাস। এলাকায় তিনি ভিক্ষাবৃত্তি করেন। কিছুদিন আগে সেখানে এসে থাকতে শুরু করে নারকেলডাঙা এলাকার বাসিন্দা পারভিন বিবি। শুক্রবার ওই মহিলা দুই সন্তানকে নিয়ে ভিক্ষা করতে বের হন।  সঙ্গে ছিল পারভিনও।   ফিরে এসে খেতে যান অভিযোগকারিণী মা। দুই সন্তানকে পাহারা দিচ্ছিল পারভিন। কিছুক্ষণ পর ওই মহিলা ফিরে এসে দেখেন তাঁর ন’মাসের সন্তান নেই। উধাও হয়ে গিয়েছে পারভিনও। তিনি পার্ক স্ট্রিট থানায় অভিযোগ করলে পুলিস কেস রুজু  করে।
তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই মহিলাকে চিহ্নিত করা হয়।  দেখা যায় সে ন’মাসের শিশুটিকে নিয়ে পালাচ্ছে। বিভিন্ন জায়গায় তার ছবি দেখানো হয়। সেই সূত্র ধরে জানা যায়, তার বাড়ি নারকেলডাঙা এলাকায়। এরপরই পুলিস তল্লাশি চালিয়ে শুক্রবার পারভিনকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে জানা যায়, ট্যাংরার এক দম্পতিকে সে বিক্রি করেছে। যদিও টাকা-পয়সা পায়নি। সেখানে হানা দিয়ে পার্ক স্ট্রিট থানা বিউটি সিং ও রাজেশ সিং নামে এক দম্পতিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ন’মাসের শিশুটি। ধৃত দম্পতি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, পারভিনকে তারা চিনত। তাদের মেয়ের অনেকদিন কোনও সন্তান হয়নি। তাই বাচ্চার খোঁজ করছিল। পারভিনকে তারা বাচ্চা খুঁজে দিতে বলে। এরজন্য টাকা দিতে রাজি হয়। সেইমতো পারভিন ন’মাসের ওই শিশুকে নিয়ে এসে তাদের  কাছে বিক্রি করেছিল।  

সম্পর্কিত সংবাদ