প্রশ্নফাঁস রুখতে পরামর্শ নিলেকানির
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি:  নির্দিষ্ট কোনো  প্রশ্নপত্র নয়। একটা কোশ্চেন ব্যাংক তৈরি করা হোক। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেখান থেকে শেষমুহূর্তে বেছে নেওয়া হোক চূড়ান্ত প্রশ্নগুলি। প্রশ্নফাঁস রুখতে মঙ্গলবার এমনই পরামর্শ দিলেন পরীক্ষাসংক্রান্ত উচ্চপর্যায়ের টাস্কফোর্সের প্রধান নন্দন নিলেকানি। তিনি মনে করিয়ে দিয়েছেন, পরীক্ষা নিতে হবে কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে (সিবিটি)। সেই পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রেও জোর দিয়েছেন তিনি। তবে কোশ্চেন ব্যাংক গড়ে তুলে পুরোপুরি প্রশ্নফাঁসের বিপদ সম্পূর্ণভাবে এড়ানো যাবে কি না, তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। 

Advertisement

নিট প্রশ্নফাঁস নিয়ে তুমুল বিক্ষোভের মধ্যেই গত জুলাই মাসে ইস্তফা দিতে বাধ্য হন তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেসময়ই ৬ সদস্যের পরীক্ষাসংক্রান্ত উচ্চপর্যায়ের টাস্কফোর্স তৈরি করে মোদি সরকার। দায়িত্ব দেওয়া হয় আধার পরিচয়পত্রের মূল কারিগর নিলেকানিকে। 
নিলেকানি বলেন, ‘সবকটি পরীক্ষা কীভাবে সিবিটি পদ্ধতিতে নেওয়া যায় তা খতিয়ে দেখছে কমিটি। আমাদের কাছে মোট দেড় লক্ষ পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর সংখ্যা বাড়ানো প্রয়োজন।’ তবে ভারতের মতো বিশাল দেশে সিবিটি পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন তিনি। নিলেকানি বলেন, ‘আমাদের কমিটি বেশ কিছু পদ্ধতিগত সমস্যা নিয়ে আলোচনা করছে। প্রধানমন্ত্রী আমাদের পরামর্শ রূপায়ণে আগ্রহী।’