Bartaman Logo
২৩ জুন, ২০২৬

গুরুদ্বারের ‘দখল’ নিল নিহঙ্গ শিখরা, উত্তেজনা রুদ্রপ্রয়াগে

গুরুদ্বারের ‘দখল’ নিল নিহঙ্গ শিখরা, উত্তেজনা রুদ্রপ্রয়াগে
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রুদ্রপ্রয়াগ: ক্রমেই জটিল হচ্ছে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার নাগ্রাসুর গুরুদ্বারের পরিস্থিতি। গত ১৬ জুন কর্ণপ্রয়াগে অশান্তির অভিযোগে ৪ শিখ ধর্মালম্বীকে গ্রেপ্তার করেছিল প্রশাসন। শনিবার তাঁদের মুক্তির দাবিতে অস্ত্র-শস্ত্র নিয়ে গুরুদ্বারের একাংশের দখল নেয় একদল নিহঙ্গ শিখ। ইতিমধ্যেই নাগ্রাসুতে পৌঁছেছে সেনাবাহিনী। 

Advertisement

গত ১৬ জুন হেমকুণ্ড দর্শন শেষ করে কর্ণপ্রয়াগে যান চারজন শিখ পুণ্যার্থী। সেখানে বাইক পার্কিং নিয়ে এক হোটেল মালিকের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। দেখতে দেখতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হোটেল মালিকের ছেলের উপর তলোয়ার নিয়ে হামলা চালায় পুণ্যর্থীদের একজন। আক্রান্তের মাথা, কোমর ও হাতে চোট লাগে। এরপরেই ওই পুণ্যার্থীদের গ্রেপ্তার করে পুলিশ। মন্দির পরিচালন কমিটি সূত্রে খবর, অশান্তির অভিযোগে ধৃত ওই শিখ ধর্মালম্বীদের মুক্তির দাবিতে গুরুদ্বারে এসে পৌঁছান নিহঙ্গরা। প্রতিবাদ জমায়েতের জন্য ৫০-৬০টি ঘরের দাবি করেন তারা। কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করলে গুরুদ্বারে ভাঙচুর চালায় তাঁরা। তলোয়ার, কুড়ুল, কৃপাণ সহ একাধিক অস্ত্র-শস্ত্র নিয়ে গুরুদ্বারের ছাদের একটি অংশের দখল নেন নিহঙ্গরা।  প্রশাসন সূত্রে খবর, ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি)। নিহঙ্গ শিখদের নিরস্ত করতে আলোচনা চলছে। রুদ্রপ্রয়াগের এসপি নিহারিকা তোমার জানিয়েছেন, সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য একজন নিহঙ্গ শিখ এগিয়ে এসেছেন। পাশাপাশি কোনও শিখ ধর্মালম্বীকে আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন। লঙ্গর সহ গুরুদ্বারের অন্যান্য কাজকর্ম স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ