শ্রীনগর: হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাহউদ্দিনকে ‘ঘোষিত অপরাধী’ ঘোষণা করল শ্রীনগরের এনআইএ আদালত। শুক্রবার বেআইনি কার্যপকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) পাকিস্তানে আত্মগোপনকারী জঙ্গিদের এই পান্ডাকে ঘোঘিত অপরাধী বলে চিহ্নিত করল আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আত্মসমর্পণ না করলে সম্পত্তি বাজেয়াপ্ত করা সহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে হিজবুল প্রধানের বিরুদ্ধে।
দীর্ঘদিন ধরেই হিজবুলের মাধ্যমে উপত্যকায় সন্ত্রাস চালাত সালাহউদ্দিন। আদালত সূত্রে জানা গিয়েছে, সালাহউদ্দিনের বিরুদ্ধে ইউএপিএ-এর ১৩ ও ১৮ নম্বর এবং আরপিসির ৫০৫ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ রয়েছে। আগামী ৩০ অগষ্টের মধ্যে আদালতে হাজিরা দিয়ে তার বিরুদ্ধে ওঠা অপরাধের জবাব দিতে হবে সালাহউদ্দিনকে। অন্যথায় আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে কাশ্মীরে জঙ্গি সংগঠন পরিচালনা করে সালাহউদ্দিন। তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিয়ে বহু আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে আমেরিকা। এনআইএ-র কাছেও হিজবুল প্রধান দীর্ঘদিন ধরেই মোস্ট ওয়ান্টেড। । যদিও সালাহউদ্দিন এখন পাকিস্তানের আশ্রয়ে রয়েছে বলেই দাবি তদন্তকারীদের। সুতরাং গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও এত সহজে তার নাগাল মিলবে না। জানা গিয়েছে, উপত্যকার বাসিন্দাদের কাছে সালাহউদ্দিনের অবস্থান সম্পর্কে যে ধরনের কোনও তথ্য জানানোর আবেদন জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিস।