


রিও ডি জেনেইরো: ভারতীয় সময়ে ঘড়ি কাঁটায় তখন রাত পৌনে তিনটে। তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট ব্রাজিল অনুরাগীদের। কখন ঘোষণা হবে দল? আদৌ কি বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পাবেন নেইমার? কয়েক মিনিটের মধ্যেই যাবতীয় উৎকণ্ঠার অবসান ঘটালেন কোচ কার্লো আনসেলোত্তি। তাঁর ২৬ জনের দলে রয়েছেন নেইমার। তবে ব্রাজিলিয়ান তারকা কি আদৌ পুরো ফিট? প্রশ্ন থাকছেই। বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পাওয়ার পরই আনন্দে কেঁদে ফেলেন সাম্বা তারকা। তাঁকে শুভেচ্ছা জানান সতীর্থরা।
২০২৩ সালে শেষবার বিশ্বকাপের বাছাই পর্বে দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। তারপর চোট আর ফিটনেসের অভাবে বারবার ছিটকে যেতে হয় তাঁকে। ব্রাজিলের দায়িত্ব নিয়ে আনসেলোত্তি সাফ জানিয়েছিলেন, যোগ্যতার নিরিখেই বিশ্বকাপের দল নির্বাচন করা হবে। প্রতিটি ফুটবলারকে নিজেকে প্রমাণ করতে হবে। তবে গত কয়েক সপ্তাহ নেইমারকে বিশ্বকাপে দলে রাখা নিয়ে তাঁর উপর নানাভাবে চাপ সৃষ্টি করা হয়। এরপরই কিছুটা নমনীয় হন বর্ষীয়ান কোচ। প্রথমে ৫৫ দলের প্রাথমিক স্কোয়াডে, তারপর সোমবার চূড়ান্ত দলে নেইমারকে জায়গা দেন তিনি। আপাতত বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ান তারকাকে পুরো ফিট করে তোলাই চ্যালেঞ্জ আনসেলোত্তির। ঘোষিত দলে তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতাকেও গুরুত্ব দিয়েছেন তিনি। নেইমারের পাশাপাশি চূড়ান্ত দলে জায়গা পাওয়া উল্লেখযোগ্য নাম আলিসন, ডানিলো, ব্রেমের, মার্কুইনহোস, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, এনড্রিক, মার্তিনেল্লি, ভিনিসিয়াস, রাফিনহা।
এদিকে, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করলেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বে শক্তিশালী নিয়েই মার্কিন মুকুলে পা রাখতে চলেছে পর্তুগিজরা। কেরিয়ারে ষষ্ঠ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন সিআরসেভেন।