সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে কিছুদিন আগে তিন ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার হয়েছিলেন। সেই ঘটনায় তদন্ত করে পুলিশের কাছে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বারুইপুর থানার পুলিশ জানতে পেরেছে, পুরসভার একাধিক কাউন্সিলার ওই ভুয়ো চিকিৎসকদের দিয়ে ডেথ সার্টিফিকেট ইস্যু করাতেন। রবিবার এই নিয়ে বিজেপির তরফে থানায় অভিযোগও দায়ের হয়েছে। পুলিশ সন্ধ্যায় দুই কাউন্সিলার সহ এক তৃণমূলকর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন বারুইপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার বিকাশ দত্ত, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আশিস দেবরায় ও ৭ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল কর্মী। জানা গিয়েছে, যে তিনজন ভুয়ো চিকিৎসক গ্রেপ্তার হয়েছিলেন তাঁরা সবাই পঞ্চায়েত এলাকার বাসিন্দা। সেক্ষেত্রে প্রশ্ন হল, পুরসভার কাউন্সিলারদের সঙ্গে কীভাবে যোগাযোগ হল তাঁদের? সূত্রের খবর, স্বরূপ দত্ত নামে এক বিজেপি কর্মী তাঁর অভিযোগপত্রে মোট ১৪ জনের নাম দিয়েছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তালিকায় বারুইপুর পুরসভার চেয়ারম্যানের নামও আছে। কীর্তনখোলা শ্মশান কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। সেখানকার কর্মীদের তদন্তের আওতায় আনা হবে বলে খবর। বিজেপি কর্মীর অভিযোগপত্রে এই শ্মশানে দুর্নীতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।



