দুবাই: কনকাসন সাব নিয়ে দু’টি নতুন নিয়ম আনছে আইসিসি। কোনও ক্রিকেটারের মাথায় বল লাগার পর ‘কনকাসন’ হলে পরের সাতদিন তিনি খেলতে পারবেন না কোনও ম্যাচ। ন্যূনতম এক সপ্তাহ সেই ক্রিকেটারকে মাঠের বাইরে থাকতে হবে। ক্রিকেটারদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি’র মেডিকেল অ্যাডভাইসরি কমিটি। পাশাপাশি, প্রত্যেক দলকে আগেভাগে জানাতে হবে ‘কনকাসন সাব’ প্রয়োজন হলে কোন ক্রিকেটার খেলবেন। অনেক সময়ই হোমটিম এই নিয়মের অপব্যবহার করে। সেজন্য আগেই ‘কনকাসন সাব’ ক্রিকেটারের নাম ঘোষণা করতে হবে। উল্লেখ্য, চলতি বছরের ৩১ জানুয়ারি পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে শিবম দুবের ‘কনকাসন সাব’ হিসেবে ভারত খেলিয়েছিল হর্ষিত রানাকে। সেটাই ছিল এই ফরম্যাটে তাঁর অভিষেক। তিন উইকেট নিয়ে হর্ষিত তফাত গড়ে দেন সেই ম্যাচে। কেন শিবমের ‘কনকাসন সাব’ হিসেবে হর্ষিতকে খেলানো হয়েছে, প্রশ্ন তোলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার।



