জুরিখ: ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে একগুচ্ছ নতুন নিয়ম চালু করছে ফিফা। ম্যাচ চলাকালীন ফুটবলার বদল থেকে চোট পাওয়া খেলোয়াড়ের চিকিৎসার ক্ষেত্রে যে সময় নষ্ট হয়, তা কমাতে ইতিমধ্যেই বিশেষ পদক্ষেপের কথা আগেই ঘোষণা করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এবার মাঠে বিপক্ষ ফুটবলারের উদ্দেশ্যে কোনও মন্তব্য কিংবা সতীর্থদের কথা বলার ক্ষেত্রে মুখ ঢাকা চলবে না। তেমনটা ঘটলে রেফারি সংশ্লিষ্ট ফুটবলারকে লাল কার্ড দেখাতে পারেন। অতীতে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, মুখ ঢেকে অশালীন বা বর্ণবিদ্বেষী কথা বলেন ফুটবলারেরা। এই ঘটনা যাতে না ঘটে তার জন্য এই নতুন নিয়ম চালু করতে চলেছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। এক বিবৃতিতে তারা জানান, ‘ফিফার কাছ থেকে প্রথম এই প্রস্তাব মেলে। সেই মতো গত ফেব্রুয়ারি মাসে সংস্থার বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে আলোচনা হয়েছিল। খেলার সময় যদি কোনও ফুটবলার হাত দিয়ে মুখ ঢেকে কথা বললে রেফারি চাইলে তাঁকে লাল কার্ড দেখাতে পারেন।’



