রাজদীপ গোস্বামী, মেদিনীপুর: পরিবেশবান্ধব চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য পেল বাঙালির গবেষণা। উদ্ভিজ্জ তন্তু থেকে সার্জিক্যাল সেলাইয়ের উপকরণ তৈরির সম্ভাবনা তুলে ধরেছেন একঝাঁক বাঙালি গবেষক। যা পরিবেশবান্ধব চিকিৎসাক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। যৌথভাবে এই গবেষণা করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, লেডি ব্রেবোর্ন কলেজ এবং বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। গবেষণায় ক্যালামাস ভিমিনালিস নামের পাম প্রজাতির উদ্ভিদ থেকে সংগৃহীত তন্তুকে সিন্থেটিক সেলাইয়ের কার্যকর বিকল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সম্প্রতি গবেষণাপত্রটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব পলিমার্স অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট’এ প্রকাশিত হয়েছে। এই যৌথ গবেষণার কাজে নেতৃত্ব দিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়য়ের উদ্ভিদ ও বনবিদ্যা বিভাগের অধ্যাপক অমলকুমার মণ্ডল। তাঁর সঙ্গে কাজ করছেন রনি সাহা, লেডি ব্রেবোর্ন কলেজের জীববিদ্যার অধ্যাপিকা সংযুক্তা মণ্ডল পারুই, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানী দেবেন্দ্র সিং প্রমুখ। গবেষকদের দাবি, চিকিৎসা এবং কম্পোজিট শিল্পে প্রাকৃতিক তন্তুর ব্যবহার নিয়ে নতুন দিশা দেখাতে পারে এই আবিষ্কার।
গবেষণায় ক্যালামাস ভিমিনালিস উদ্ভিদের তন্তু বা সিভিএফ’এর রাসায়নিক, গাঠনিক, তাপীয়, যান্ত্রিক বৈশিষ্ট্য, জৈব-সামঞ্জস্যতা এবং বায়োডিগ্রেডেবিলিটির পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, তন্তুটিতে রয়েছে ৪৩.৫৫ শতাংশ সেলুলোজ, ১৮.৬৯ শতাংশ হেমিসেলুলোজ এবং ২৩.৬২ শতাংশ লিগনিন। এছাড়া এক্স-রে ডিফ্র্যাকশন বিশ্লেষণে ৪১.৮ শতাংশ ক্রিস্টালিনিটি ইনডেক্সও ধরা পড়ে। গবেষকদের দাবি, তন্তুর টেনসাইল স্ট্রেংথ ছিল ৬৫৮ এমপিএ এবং ইয়াংস মডুলাস ছিল ২.৬৩ জিপিএ। ফলে এটিকে অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক তন্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বিশ্লেষণে তন্তুর পৃষ্ঠ রুক্ষ ও লিগনিন সমৃদ্ধ হওয়ায় কম্পোজিট উপাদান তৈরিতে আরও ভালো বন্ধনের সম্ভাবনা দেখা গিয়েছে।
শুধু গাঠনিক বৈশিষ্ট্য নয়, চিকিৎসাক্ষেত্রেও আশাব্যঞ্জক ফল মিলেছে। মানবদেহের লিম্ফোসাইট কোষে বায়োকম্প্যাটিবিলিটি পরীক্ষায় ৬৫ শতাংশের বেশি কোষ জীবিত ছিল এবং অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রাও কম ছিল। এছাড়া পরীক্ষামূলকভাবে ইঁদুরের শরীরে সেলাইয়ের উপাদান হিসেবে ব্যবহার করে দেখা যায়, ক্ষত সফলভাবে সেরে উঠেছে এবং কোনো দৃশ্যমান প্রদাহ দেখা যায়নি।
গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, এই প্রথম ক্যালামাস ভিমিনালিস তন্তুকে শক্তিশালী, জৈব-সামঞ্জস্যপূর্ণ এবং বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক সার্জিক্যাল সেলাই উপাদান হিসেবে তুলে ধরা হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও বনবিদ্যা বিভাগের অধ্যাপক এবং জীববৈচিত্র্য ও জার্মপ্লাজম সংরক্ষণ কেন্দ্রের ডিরেক্টর তথা অধ্যাপক অমলকুমার মণ্ডল বলেন, ‘পরিবেশবান্ধব চিকিৎসা প্রযুক্তিতে এটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। ক্যালামাস ভিমিনালিস উদ্ভিদের প্রাকৃতিক তন্তু তার উচ্চ শক্তি, তাপ সহনশীলতা এবং জীবসামঞ্জস্যতার জন্য ভবিষ্যতে অস্ত্রোপচারের সেলাই কৃত্রিম সুতোর কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে। সকলের সহযোগিতা ছাড়া গবেষণায় সাফল্য পাওয়া সম্ভব হত না।’