Bartaman Logo
২৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সবুজ সাথী সাইকেল বণ্টনে নতুন নীতি রাজ্যের? জল্পনা

দক্ষিণ ২৪ পরগনায় সবুজ সাথী সাইকেল বণ্টনে নতুন নীতির আলোচনা চলছে। ১০ লক্ষ সাইকেল বণ্টনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত পড়ুন।

সবুজ সাথী সাইকেল বণ্টনে নতুন নীতি রাজ্যের? জল্পনা
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা ভোটের ঠিক আগেই দ্বাদশ দফার সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। সব জেলায় দু-পাঁচ হাজার করে সেটা দেওয়ার পর বণ্টন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। কারণ ভোট ঘোষণা হয়ে গিয়েছিল ততদিনে। তার আগে এসআইআরের কাজে বিডিও-সহ সরকারি আধিকারিকরা ব্যস্ত হয়ে পড়েছিলেন। তখন ঠিক হয়েছিল, ভোটের পর বাকিটা দেওয়া হবে।  কিন্তু পালাবদল হতেই সেই প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়। কীভাবে সাইকেল দেওয়া হবে, এই নিয়ে নয়া নীতি আসতে পারে বলে শোনা যাচ্ছে। কিছুদিন আগেই জেলাগুলির সঙ্গে এই ব্যাপারে বৈঠক করেছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর। এখনো ১০ লক্ষের বেশি সাইকেল অর্ডার দেওয়া বাকি। কীভাবে সেটা হবে, বণ্টন প্রক্রিয়া কী হবে প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবার দপ্তর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন স্কুলের কিছু পড়ুয়া এই সাইকেল পেয়ে গেলেও বাকিদের তা কবে দেওয়া হবে, সেটা নিয়ে এখন নানা কানাঘুষো।  আগের সরকার যেভাবে টেন্ডার করে সাইকেল এনে এখানে ফিটিং করে বিলি করত, সেটাই থাকবে নাকি এবার অন্য উপায় বের করা হবে, তা নিয়েই চলছে আলোচনা। যেসব সাইকেল এখনো বিলি হয়নি তার টেন্ডার নতুন করে হবে, নাকি পুরানো টেন্ডারেই কাজ চালানো হবে, সেটাও স্পষ্ট নয়। এই ব্যাপারে জেলাগুলি থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে মাত্র।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ