Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মানুষের সুবিধায় সল্টলেকে ভাঙা ফুটপাতে বসছে নয়া পেভার ব্লক

সল্টলেকের ফুটপাতে ভাঙন মেরামতের কাজ শুরু হয়েছে। পুরসভা নতুন পেভার ব্লক বসাচ্ছে, যাতে নাগরিকদের সুবিধা হয়। বিস্তারিত পড়ুন।

মানুষের সুবিধায় সল্টলেকে ভাঙা ফুটপাতে বসছে নয়া পেভার ব্লক
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রক্ষণাবেক্ষণের অভাবে সল্টলেকের একাধিক জায়গায় ফুটপাত ভেঙে গিয়েছে। চলতে গিয়ে হোঁচট খাচ্ছেন শহরের বাসিন্দারা। বর্ষার সময় গর্তে পা পড়ে অনেকে জখম হয়েছেন। তাই এবার ফুটপাত সংস্কারে উদ্যোগী হল বিধাননগর পুরসভা। ভাঙা ফুটপাত চিহ্নিত করে সেই জায়গায় বসানো হচ্ছে পেভার ব্লক। খয়েরি-কালো পেভার ব্লকে সুসজ্জিত হয়ে উঠছে ফুটপাত। পুরসভার দাবি, যে এলাকাগুলির অবস্থা সবথেকে খারাপ সেখানে আগে কাজ শুরু হয়েছে। ধীরে প্রতিটি জায়গারই সংস্কার করা হবে।

Advertisement

সল্টলেকে রাস্তার বেহাল দশা বলে অভিযোগ দীর্ঘদিনের। রাজ্যে পালাবদলের পর রাস্তা সংস্কারে উদ্যোগী হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক ডাঃ শারদ্বত মুখোপাধ্যায়। তিনি পুরসভার প্রশাসক রবি আগরওয়ালের সঙ্গে একাধিকবার বৈঠক করেছিলেন। রাস্তার কাজ শুরু হয়েছে। একইসঙ্গে ফুটপাত সংস্কারও শুরু হয়েছে। জানা গিয়েছে, শহরের কোন কোন জায়গায় ফুটপাতের উপর ব্লক ভেঙে গিয়েছে, কোথায় ফুটপাত বসে গিয়েছে, তা সার্ভে করা হয়েছিল। সব খতিয়ে দেখে একাধিক অঞ্চল চিহ্নিত করা হয়েছে। তারপর কাজ শুরু হয়েছে। যে এলাকায় ফুটপাতের পুরনো ব্লক বসে গিয়েছে সেখানে বৃষ্টি হলে জল জমছে। ফলে যাতায়াতে সমস্যা মানুষের। 
সল্টলেকে এফ বি ব্লকের সিগনালের সামনে ভাঙা ফুটপাতে পুরোদমে মেরামতের কাজ চলছে। ভাঙা পেভার ব্লক তুলে ফেলা হচ্ছে। কারণ সেগুলির সঙ্গে নতুন ব্লক সেট করা সম্ভব নয়। একইসঙ্গে ভাঙাচোরা অংশ সমান ও মসৃণ করার পর নতুন করে পেভার ব্লক পাতা হচ্ছে। যে জায়গাগুলি বসে গিয়েছিল সেগুলিও বালি-মাটি সোলিং করে ভরাট করা হচ্ছে। তারপর ব্লক বসানো হচ্ছে। এক আধিকারিক বলেন, পুরসভায় প্রশাসক বসেছে। নাগরিক পরিষেবায় যাতে কোনও সমস্যা না হয় তার দিকে নজর রাখা হয়েছে। তাই এই বর্ষার সময়ও নতুন করে ফুটপাত সংস্কার করা হচ্ছে। যাতে শহরের মানুষ উপকৃত হন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ