Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

অন্ধ্রে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট, আক্রান্ত ১৬ জন

অন্ধ্রপ্রদেশে নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আক্রান্ত ১৬ জন, তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বিস্তারিত পড়ুন।

অন্ধ্রে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট, আক্রান্ত ১৬ জন
  • ২০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অমরাবতী: নতুন করে ফিরছে কোভিড আতঙ্ক? অন্ধ্রপ্রদেশে মিলল ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্টের খোঁজ। গত তিন সপ্তাহে অন্তত ১৬ জন আক্রান্তের হদিশ মিলেছে। চার আক্রান্তের রক্তের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। দেখা যায়, তাঁরা ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট ‘আরএফ. ৫’-এ সংক্রমিত। তবে এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে সে রাজ্যের স্বাস্থ্যদপ্তর।

Advertisement

অন্ধ্রের চিকিৎসা শিক্ষা বিভাগের ডিরেক্টর ডাঃ বিষ্ণুবর্ধন জানিয়েছেন, বর্তমানে সিঙ্গাপুর সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা গিয়েছে। তবে এটি অন্যান্য ওমিক্রন ভ্যারিয়েন্টের তুলনায় তেমন বিপজ্জনক নয়। তিনি আরও জানান, এই ভ্যারিয়েন্টে সংক্রমিত হলে গলা ব্যথা, কাশি, জ্বর, মাথাব্যথা, সর্দির মতো উপসর্গ দেখা দেয়। সতর্কতা মেনে চললেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গত ২৬ জুন অন্ধ্রপ্রদেশে প্রথম কোভিড আক্রান্তের খোঁজ মেলে। এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। তবে মৃতদের সকলেরই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যার মতো কোমর্বিডিটি ছিল। রাজ্যের স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে দেশে মোট ৩৩৯টি কোভিড সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে কেরলে ১১৫, কর্নাটকে ৬৪, মহারাষ্ট্রে ৪৩, তামিলনাড়ুতে ৩৯, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৮, দিল্লিতে ১৮ এবং রাজস্থানে ১২টি সংক্রমণের খবর মিলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ