সংবাদদাতা, তারকেশ্বর: উত্তরপাড়ায় তাদের পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক ভেহিকল (ইভি) কারখানা তৈরির প্রস্তাব দিয়েছে হিন্দুস্তান মোটরস। রাজ্য বিজেপির ফেসবুক পেজ থেকে শনিবার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। হুগলি শিল্পাঞ্চলের বড়ো শিল্পগুলির মধ্যে ডানলপ ও হিন্দুস্তান মোটরস বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছিলেন বহু মানুষ। রাজনৈতিক টানাপোড়েনে তৈরি হয়নি সিঙ্গুরের গাড়ি কারখানাও। এদিকে, রাজ্যে পালাবদল হওয়ার পর শিল্পের পরিবেশ তৈরি হয়েছে দাবি করছেন শাসক দলের নেতা-মন্ত্রীরা। হিন্দমোটরের পড়ে থাকা জমিতে যদি সত্যিই বিনিয়োগ আসে, তা রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলেই মনে করা হচ্ছে।
শিল্প দপ্তরের কর্তাদের একাংশ জানাচ্ছে, সি কে বিড়লা গ্রুপের তরফে রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, উত্তরপাড়ার জমিতে তারা ইলেকট্রিক গাড়ি তৈরি করতে ইচ্ছুক। তবে বন্ধ কারখানার জমিতে নতুন করে গাড়ি উৎপাদনের সম্ভাবনা নতুন নয় হিন্দমোটরে। বছর চারেক আগে ওই জমিতে ইভি তৈরির প্রস্তাব ছিল। কিন্তু তা আর দিনের আলো দেখেনি। হিন্দুস্তান মোটরসের এই জমির ৩০০ একর অংশ আগেই আবাসন প্রকল্পের জন্য একটি সংস্থাকে দেওয়া হয়েছিল। টিটাগড় ওয়াগন কারখানাকে দেওয়া হয় ৪০ একর। বাকি পড়ে থাকা জমিতে ইলেকট্রিক ভেহিকল বা বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রস্তাব দেয় হিন্দুস্তান মোটরস। হিন্দুস্তান মোটরসের বিনিয়োগের খবরে শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন করে অবস্থা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে হুগলিতে।