Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিবি জি রামজি প্রকল্পে নয়া উদ্যোগ, বাঁকুড়ার প্রতি ব্লকে এবার তৈরি হবে অমৃত সরোবর

ভিবি জিরামজি প্রকল্পের আওতায় বাঁকুড়ার প্রতিটি ব্লকে ‘অমৃত সরোবর’ তৈরি হবে

ভিবি জি রামজি প্রকল্পে নয়া উদ্যোগ, বাঁকুড়ার প্রতি ব্লকে এবার তৈরি হবে অমৃত সরোবর
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ভিবি জিরামজি প্রকল্পের আওতায় বাঁকুড়ার প্রতিটি ব্লকে ‘অমৃত সরোবর’ তৈরি হবে। ব্লক পিছু অন্তত একটি করে অমৃত সরোবর সৃষ্টির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কোনো ব্লক চাইলে একাধিক পঞ্চায়েতে ওই মডেল জলাশয় নির্মাণ করতে পারে। জলাশয়ের পাড়ে পার্ক, জিম তৈরির পরিকল্পনা করা হয়েছে। পুলিশ, দমকল, সেনার চাকরিপ্রার্থীরা যাতে ওই পুকুরের পাড়ে গিয়ে শারীরিক কসরত করতে পারেন, তারজন্যই এই উদ্যোগ বলে জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন। 

Advertisement

বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) তথা জিরামজি-র দায়িত্বপ্রাপ্ত আধিকারিক চিরন্তন প্রামাণিক বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আমরা অমৃত সরোবর সপ্তাহ পালন করব। তার আগেই ব্লকে ব্লকে জলাশয় খননের কাজ শুরু হয়ে যাবে। শুধুমাত্র অমৃত সরোবর কর্মসূচিতেই ১ লক্ষ ১০ হাজার শ্রম দিবস সৃষ্টি হবে। 
উল্লেখ্য, ভিবি জি রামজি প্রকল্পে বাঁকুড়া জেলা বর্তমানে রাজ্যে প্রথম স্থানে রয়েছে। মঙ্গলবার পর্যন্ত জেলায় ৩ লক্ষ ১৭ হাজার ৫২৭ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। গত পাঁচ দিনে ১ লক্ষ শ্রম দিবস সৃষ্টি করে জেলা প্রশাসন তাক লাগিয়ে দিয়েছে। গ্রাম পঞ্চায়েত পিছু গড়ে ১৬৭১ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। এতেও বাঁকুড়া প্রথম স্থানে রয়েছে। এক্ষেত্রে রাজ্যে দ্বিতীয় স্থানে থাকা পূর্ব বর্ধমান জেলার গড় ১২১১। আগামী দিনে বেশি সংখ্যক শ্রমিককে কাজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বাঁকুড়া জেলা প্রশাসন নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছে। তারমধ্যে অমৃত সরোবর সপ্তাহ অন্যতম। রাজ্যে প্রথম এজেলার তরফেই ওই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি। 
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর আগে সাধারণত কোনো জায়গায় জলাশয় খনন করেই প্রশাসন হাত গুটিয়ে নিত। খুব বেশি হলে পুকুরে একটি স্নানের ঘাট তৈরি করে দেওয়া হত। তবে এবার থেকে জলাশয় খননের পাশাপাশি পাড়ের সৌন্দর্যায়ন, উদ্যান, জিম সহ অন্যান্য পরিকাঠামোও সেখানে গড়ে তোলা হবে। কিন্তু, ভিবি জি রামজি-র আওতায় কি জিম গড়া যাবে? ওই প্রশ্নের উত্তরে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, জিম সহ অন্যান্য পরিকাঠামো নির্মাণের জন্য ষোড়শ কেন্দ্রীয় অর্থ কমিশন এবং সরকারের অন্যান্য প্রকল্প থেকে ব্লকগুলি অর্থ বরাদ্দ করতে পারে। এব্যাপারে বিডিওদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ফলে একাধিক প্রকল্প একসঙ্গেজুড়ে একটি কর্মসূচি রূপায়ণ করা যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ