Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫ আগস্টের মধ্যে রাজ্যে নয়া শিল্পনীতি, জানালেন অর্থমন্ত্রী

১৫ আগস্টের মধ্যেই রাজ্যে নতুন শিল্পনীতি আসতে চলেছে। বণিকসভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই নীতিতে শিল্প সংস্থাগুলিকে আর্থিক উৎসাহ বা ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা থাকবে।

১৫ আগস্টের মধ্যে রাজ্যে নয়া শিল্পনীতি, জানালেন অর্থমন্ত্রী
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ আগস্টের মধ্যেই রাজ্যে নতুন শিল্পনীতি আসতে চলেছে। বণিকসভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই নীতিতে শিল্প সংস্থাগুলিকে আর্থিক উৎসাহ বা ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা থাকবে। তবে তিনি জানিয়েছেন, অন্যান্য রাজ্য যে মাত্রায় ইনসেন্টিভ দেয়, এখানে তা নাও হতে পারে। তাঁর দাবি, যে আর্থিক উৎসাহ দেওয়া হবে, তা রাজ্যে বিনিয়োগ আনার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। জমি নীতিও যে ঢেলে সাজা হবে, সেই কথা জানিয়ে এদিন স্বপনবাবু বলেন, ‘এ রাজ্যে একটি ল্যান্ড ব্যাংক আছে। কিন্তু তা যথাযথ নয়। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলির যে বিপুল পরিমাণ জমি এ রাজ্যে আছে, তাকে ফের শিল্পের কাজে কীভাবে কাজে লাগানো যায়, সেই চেষ্টাও করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘গুজরাত বা হরিয়ানায় যে জমি নীতি আছে, তাতে সেখানে যাঁরা শিল্পের জন্য জমি দেন, তাঁদেরও ওই শিল্পের সঙ্গে যুক্ত করা হয়। এখানেও সেই নীতি কার্যকর করা যায় কি না, খতিয়ে দেখা হচ্ছে।’ এদিনের অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন, পরের সপ্তাহে বাংলায় ফের মিৎসুবিসি কর্তারা আসছেন। সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির জন্য তাঁদের পানাগড় ও দুর্গাপুরে জমি দেখানো হবে। প্রসঙ্গত, চলতি মাসেই এই জাপানি সংস্থার কর্তারা একবার কলকাতা ঘুরে গিয়েছেন। তাঁরা পূর্ব ভারতে সেমিকন্ডাক্টর ইউনিট তৈরিতে ইচ্ছুক। তার জন্য তাঁরা একাধিক রাজ্য ঘুরে দেখেছেন। 

Advertisement

এদিকে, বণিকসভা অ্যাসোচেম আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যে এমএসএমই ও শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মন বলেন, ‘রাজ্যের সরকারি স্কুলগুলিতে কীভাবে সৌরবিদ্যুৎ প্যানেল বসানো যায়, তার পরিকল্পনা চলছে। পিএম সূর্যঘর, মুফত বিজলি যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলিকে যথাযথভাবে চালু করা হবে এখানে। এ ব্যাপারে কেন্দ্রের ঘোষিত ২০ হাজার কোটি টাকার প্রকল্পের সুযোগ পাবে বাংলা।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ