Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

টলিউডের জন্য গঠিত হবে নতুন কনফেডারেশন, ঘোষণা পাপিয়ার

পাপিয়া অধিকারী টলিউডের জন্য নতুন কনফেডারেশন গঠনের ঘোষণা দিলেন। শিল্পীদের কাজ সুনিশ্চিত করতে হবে। বিস্তারিত পড়ুন।

টলিউডের জন্য গঠিত হবে নতুন কনফেডারেশন, ঘোষণা পাপিয়ার
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টলিউডে বদল আনতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করলেন টালিগঞ্জের বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী। বুধবার সকালে টেকনিশিয়ানস স্টুডিয়োতে বৈঠক করেন তিনি। সেখানেই টলিপাড়ার কর্মসংস্কৃতি নিয়ে বড়োসড়ো রদবদলের সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিক বৈঠকে পাপিয়া জানান, টলিউডের পুরানো কাঠামোকে ভেঙে ফেলে নতুনভাবে সাজানো হবে। তৈরি হবে নতুন কনফেডারেশন। এর আওতাভুক্ত হবেন টলিউডের সমস্ত কলাকুশলী। নবগঠিত কনফেডারেশন আগের ফেডারেশনের যাবতীয় কাজ খতিয়ে দেখবে। কোনো অনিয়ম হয়ে থাকলে, তা সরাসরি সরকারকে জানানো হবে। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ডবল ইঞ্জিন সরকার। 

Advertisement

পাপিয়ার ঘোষণা, ফেডারেশন আর থাকবে না। পাশাপাশি ফেডারেশনের অধীনে যে ২৬টি গিল্ড ছিল, সেগুলিও আর থাকবে না। পরিবর্তে পরিচালক, সিনেমাটোগ্রাফার, প্রোডাকশন ম্যানেজার ও কস্টিউম বিভাগ—এই চারটি বিভাগ থাকবে। তাদের সঙ্গে আলোচনা করে সকলে কাজ পাবেন। সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে কী কী করা যায়, তার জন্য প্রতি সপ্তাহে আলোচনা হবে টেকনিশিয়ানস স্টুডিয়োতে। নবগঠিত কনফেডারেশনের সদস্যদের কাজ সুনিশ্চিত করার কথাও জানিয়েছেন পাপিয়া। পাশাপাশি টলিপাড়ায় ‘নিষিদ্ধ সংস্কৃতি’র বাড়বাড়ন্ত নিয়েও উষ্মা প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, এবার থেকে কোনো শিল্পীকে নিষিদ্ধ করা হবে না। বন্ধ করা যাবে না কোনো কাজই। 
এদিন টলিউডেও এসআইআর হওয়ার ঘোষণা পাপিয়ার। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘অনেক অযোগ্য মানুষ ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছিলেন। এসআইআর প্রক্রিয়ায় তাঁদের বাদ দেওয়া হবে। কারা টাকা দিয়ে কাজ পেতেন, কারা অযোগ্য, তা দেখা হবে। ফেডারেশন ও গিল্ড-এর বেশ কিছু সদস্যের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ উঠেছে। আমি প্রশাসনের দ্বারস্থ হচ্ছি না। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নিজেরাই সরে যান।’ বলিউডের মতো টলিপাড়াতেও আটঘণ্টার সময় বেঁধে কাজ করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি ধারাবাহিক, সিরিজের গল্প ও বিষয়বস্তু নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন পাপিয়া। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ