কাঠমাণ্ডু: হড়পা বানের তাণ্ডবের পর এখনও ঘুরে দাঁড়াতে পারেনি নেপাল। তার মধ্যেই হিমালয়ের কোলে অবস্থিত দেশটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তার প্রাথমিক চিত্র সামনে এসেছে। নেপালে র্যাপিড ড্যামেজ অ্যান্ড নিডস অ্যাসেসমেন্ট (আরডিএনএ)-এর রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র রসুয়া এবং ভোটেকাশী এলাকাতেই ৪০ হাজার ৮২৮ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। পুরো এলাকাকে নতুন করে গড়ে তুলতে এবং বাসিন্দাদের পুনর্বাসনের জন্য ৭২ হাজার ৩৩১ কোটি টাকারও বেশি প্রয়োজন হবে। এছাড়া আগামী ছয় মাসে ত্রাণ ও অস্থায়ী পুনর্বাসনের জন্য ৮৭৩ কোটি টাকারও বেশি লাগবে। ওই রিপোর্টে বলা হয়েছে, বিধ্বংসী হড়পা বানে ৭ হাজার ৫৭০টি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ৪৮টি সরকারি ভবন, ১৮টি স্কুল, সাতটি হাসপাতাল এবং ৩০টি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী এলাকারও ক্ষতি হয়েছে। এর পাশাপাশি বহু বাড়ি, রাস্তা, সেতু, কৃষি জমি, গাড়ি, বাণিজ্যিক ভবন এবং স্থলবন্দর ভেসে গিয়েছে। ১৩টি জলবিদ্যুত্ প্রকল্প এবং পাঁচটি সৌরবিদ্যুত্ কেন্দ্রেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ৭০ কিলোমিটার রাস্তার ক্ষতি হয়েছে। ৩৭টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩৩টি পুরোপুরি ভেসে গিয়েছে।



