নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে চার বছরের শিশু একা ছিল। সেই সুযোগে তার উপর যৌন নির্যাতন চালালেন এক প্রতিবেশী যুবক। রবিবার ঘটনাটি ঘটে গড়ফা থানা এলাকার এমজি রোডের একটি বাড়িতে। বুধবার ওই শিশুকন্যা তার মাকে বিষয়টি জানায়। এরপরেই গরফা থানায় অভিযুক্ত প্রতিবেশীয় বিজয় সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন শিশুটির মা। তার ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে তদন্তে নামে গরফা থানা। বুধবার দুপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, রবিবার বাড়িতে কেউ ছিলেন না। তাই ছাদে একাই খেলছিল চার বছরের শিশু। সেই ফাঁকেই ওই বাড়িতে আসেন বিজয়। শিশুটিকে খেলার নাম ছাদ থেকে তিনতলার ঘরে নিয়ে যান তিনি। সেখানে তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।



