সংবাদদাতা, দুর্গাপুর: জঙ্গল-আবর্জনায় পড়ে রয়েছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি! ক্রেনের সাহায্যে সেটি উপড়ে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে রবিবার উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। প্রতিবাদে পথে নামে কংগ্রেস। ২৪ ঘণ্টার মধ্যে মর্যাদার সঙ্গে মূর্তি পুনঃস্থাপন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।
ঘটনার সূত্রপাত হর্ষবর্ধন প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায়। কংগ্রেসের দাবি, মেডিটেশন সেন্টারের সামনে দীর্ঘদিন ধরেই জওহরলাল নেহরুর ওই মূর্তি ছিল। অভিযোগ, রাখিবন্ধন অনুষ্ঠানের জন্য জায়গা খালি করতেই রাতারাতি ক্রেন এনে সেটি সরিয়ে পাশের স্কুলের জঙ্গলঘেরা জায়গায় ফেলা হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কংগ্রেস কর্মীরা।
জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ, রাখিবন্ধনের আড়ালে দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তি এভাবে উপড়ে ফেলা জাতীয় অবমাননার শামিল। বিজেপির বিধায়ক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাই এর নেপথ্যে কারা, তা স্পষ্ট। ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ, প্রশাসন মূর্তিটি পুনঃস্থাপন না করলে বৃহত্তর আন্দোলন হবে।
এদিকে, অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের পালটা দাবি, অস্তিত্বহীন কংগ্রেস রাজনৈতিক স্বার্থে ভিত্তিহীন অভিযোগ করছে। খোঁজ নিলে দেখা যাবে, এটি গোপালমাঠ ও সেপকো কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপিকে কালিমালিপ্ত করার চক্রান্ত চলছে।