ডামি পাঠিয়ে দিল্লি পুলিশকে ধোঁকা দিলেন নেহা বোরা
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভ্রান্তিবিলাস...। কালো ফ্রেমের চশমা, মুখে মাস্ক আর গলায় স্কার্ফ। দূর থেকে ওই দৃঢ় চোখ-মুখ দেখে আলাদা করা মুশকিল। ঠিক যেন নেহা বোরা। সেখানেই হল গন্ডগোল। আইসা নেত্রী নেহা ভেবে পুলিশ আটক করল অন্য তরুণীকে। আর সেই সুযোগে দিল্লির কনট প্লেসে বিক্ষোভ চালিয়ে গেলেন আসল নেহা। রীতিমতো ঘোল খাওয়ালেন দিল্লি পুলিশকে। রবিবার এমনই ঘটনার সাক্ষী থাকল দিল্লি।

Advertisement

জ্ঞানেশ বিরোধী আন্দোলনে এমনিতেই নাজেহাল অমিত শাহর পুলিশ। কনট প্লেস, দিল্লি হাট, গোলে মার্কেট, আইএনএ মার্কেট সহ রাজধানীর মোড়ে মোড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এদিক-ওদিক ছুটতে ছুটতেই দিশাহারা পুলিশ। এরইমাঝে রবিবার বেলা বাড়তে আইসার সভাপতি বিক্ষোভকারীদের তৈরি থাকার ইঙ্গিত দেন। কিছুক্ষণ পর এক ভিডিয়ো বার্তায় সবাইকে দুপুর আড়াইটে নাগাদ আরকে আশ্রম এলাকায় জমায়েত করার বার্তা দেন। খবর পেয়ে তড়িঘড়ি ওখানে পৌঁছায় পুলিশ। একের পর এক বিক্ষোভকারীকে আটক করে বাসে তোলা হয়। এরইমাঝে রটে যায়— আটক নেহা বোরাও। একটু দূরে এক তরুণীকে টানতে টানতে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে সকলে ভিড় জমান। তরুণী ঘাড় ঘোরাতেই ভুল ভাঙে পুলিশ সহ বাকিদের। এ তো নেহা নন। নেহার মতো অন্য আর একজন। সেই সুযোগে আইসা নেত্রীর সোশ্যাল মিডিয়া থেকে একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়ে। দেখা যায়, কনট প্লেসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন আসল নেহা। পুলিশের নজর এড়িয়ে ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়েছেন তিনি। মাথায় হাত পুলিশের।
এনিয়ে পরের দিকে ওই তরুণীর সঙ্গে ছবি পোস্ট করে নেহার রসিকতা— দুই নেহার কাহিনি। কোনও পরিকল্পনা নয়, নিছকই কাকতালীয় ঘটনা। পুলিশকে এভাবে বোকা বানানোর ঘটনায় দেশজুড়ে চর্চা শুরু হয়েছে।