Bartaman Logo
১ জুলাই, ২০২৬

ফের নেওয়া হবে নিট পরীক্ষা! কবে? জানিয়ে দিল এনটিএ

গত মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল হয়েছিল নিট আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা। সেই পরীক্ষা পুনরায় নেওয়ার জন্য দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আজ শুক্রবার তাদের এক্স হ্যান্ডলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে আগামী ২১ জুন রবিবার ফের অনুষ্ঠিত হবে নিট ইউজি ২০২৬ এর পরীক্ষা।

ফের নেওয়া হবে নিট পরীক্ষা! কবে? জানিয়ে দিল এনটিএ
  • ১৫ মে, ২০২৬ ১০:২১
Prefer us on Google

নয়াদিল্লি, ১৫ মে: গত মঙ্গলবার প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল হয়েছিল নিট আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা। সেই পরীক্ষা পুনরায় নেওয়ার জন্য দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আজ শুক্রবার তাদের এক্স হ্যান্ডলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে আগামী ২১ জুন রবিবার ফের অনুষ্ঠিত হবে নিট ইউজি ২০২৬ এর পরীক্ষা। 

Advertisement

নিট পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে। গত ৩ মে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর কয়েক দিনের মধ্যেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। এই ঘটনায় বড় প্রশ্ন ওঠে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে । পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ায় শেষ পর্যন্ত পুরো নিট পরীক্ষাই বাতিল করে দেয় এনটিএ। 

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আচমকাই চলতি বছরের ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। গত ৩ মে সারা দেশে অনুষ্ঠিত হয়েছিল নিট-ইউজি পরীক্ষা। তার ন’দিন পর, মঙ্গলবার সকালে সেই পরীক্ষা বাতিলের ঘোষণা করেছিল এনটিএ। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল প্রায় ২২ লক্ষ ৫ হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ। প্রবল চাপের মুখে এনটিএ এর ডিরেক্টর জেনারেল অভিষেক সিং জানিয়েছিলেন, পরবর্তী ৭-১০ দিনের মধ্যেই পুনরায় পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে। পাশাপাশি তিনি বলেছিলেন, পরীক্ষার্থীদের অতিরিক্ত কোনও ফি দিতে হবে না এবং নতুন করে রেজিস্ট্রেশনও করতে হবে না। আজ সকালেই সেই মতো পরীক্ষার নয়া তারিখ ঘোষণা করল এনটিএ। 

বারবার প্রশ্নফাঁসের মতো ঘটনা কেন ঘটছে, তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন লক্ষ লক্ষ পড়ুয়া। ইতিমধ্যেই এই কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানের শিক্ষা-মাফিয়াদের নাম। তদন্তকারী সংস্থার দাবি, দেশজুড়ে তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে এই চক্রের একাধিক মূল চক্রীও। ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। কেন্দ্রকে নিশানা করে সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল ও আপ-সহ একাধিক রাজনৈতিক দল। দিল্লিতে শিক্ষামন্ত্রকের সামনে প্রতিবাদে নেমেছে এসএফআই এবং এনএসইউআইয়ের কর্মীরা। অন্যদিকে, প্রশ্নফাঁসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবিভিপিও।

Advertisement
সম্পর্কিত সংবাদ