Bartaman Logo
১৫ জুন, ২০২৬

ফের নিট-ইউজি ২১ জুন, ১৫ মিনিট অতিরিক্ত সময়, হবে কম্পিউটার বেসড টেস্ট

২০২৬ সালের বাতিল হওয়া নিট-ইউজি পুনরায় হবে আগামী ২১ জুন। এক্ষেত্রে পরীক্ষার্থীদের বাড়তি আরও ১৫ মিনিট সময় মিলবে।

ফের নিট-ইউজি ২১ জুন, ১৫ মিনিট অতিরিক্ত সময়, হবে কম্পিউটার বেসড টেস্ট
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৬ সালের বাতিল হওয়া নিট-ইউজি পুনরায় হবে আগামী ২১ জুন। এক্ষেত্রে পরীক্ষার্থীদের বাড়তি আরও ১৫ মিনিট সময় মিলবে। শুক্রবার ২০২৬ সালের নিট-ইউজির রি-এগজামিনেশনের দিনক্ষণ ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। গত ৩ মে মেডিকেলে ভরতির এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। কিন্তু প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় গত ১০ মে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় এনটিএ। এর ফলে প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন 

Advertisement

উঠে যায়। সেইসময় এনটিএ জানিয়েছিল, পরবর্তী দিন দশেকের মধ্যেই তারা রি-এগজামিনেশনের তারিখ ঘোষণা করবে। সেইমতোই এদিন এসংক্রান্ত বিবৃতি জারি করা হয়। তবে অনিয়ম আটকাতে আগামী বছর থেকে নিট হবে সিবিটি (কম্পিউটার বেসড টেস্ট) মাধ্যমেই। শুক্রবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 
তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনে বারবার অনিয়মের অভিযোগ ওঠা সত্ত্বেও শুক্রবার এনটিএকে কার্যত ক্লিনচিট দিয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, এনটিএ একজন দক্ষ পরিচালকের হাতেই রয়েছে। এমনকি সংস্থার গ্রহণযোগ্যতাও এতটুকু কমেনি। সুপ্রিম কোর্টের সুপারিশ মেনেই এনটিএ তৈরি হয়েছে। 
প্রতি বছর এই সংস্থা দেশের প্রায় এক কোটি ছাত্রছাত্রীর বিভিন্ন পরীক্ষার আয়োজন করে। তবে কোনোরকম অনিয়মের ক্ষেত্রে একেবারে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে কেন্দ্র। সেইমতোই এনটিএকেও সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত করা হবে। এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নিট-ইউজি পরীক্ষা হয় বেলা ২টো থেকে বিকাল ৫টা পর্যন্ত। ১৫ মিনিট বাড়তি সময় মেলায় এই রি-এগজামিনেশন শেষ হবে বিকাল ৫টা ১৫ মিনিটে। পরীক্ষার্থীদের আলাদা কোনো ফি’জ দিতে হবে না। যে পরীক্ষা বাতিল হয়েছে, তার ফি’জও রিফান্ড করার কথা জানিয়েছে এনটিএ। আগামী এক সপ্তাহের মধ্যে নিট-ইউজির পরীক্ষার্থীরা নতুন করে তাঁদের পরীক্ষা কেন্দ্র বাছাই করার সুযোগ পাবেন। কেন্দ্র এব্যাপারে রাজ্য সরকারগুলির সঙ্গেও কথা বলবে যাতে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয়। আগামী ১৪ জুনের মধ্যেই এই রি-এগজামিনেশনের অ্যাডমিট কার্ড হাতে পাবেন পরীক্ষার্থীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ