Bartaman Logo
২১ জুন, ২০২৬

আজ নিট, নাগপুরের ছাত্রের সিট আবু ধাবিতে! বিতর্ক

আজ নিট পরীক্ষায় নাগপুরের এক ছাত্র আবু ধাবিতে সিট পেয়েছে, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এনটিএ দ্রুত সমাধানের চেষ্টা করছে। বিস্তারিত পড়ুন।

আজ নিট, নাগপুরের ছাত্রের সিট আবু ধাবিতে! বিতর্ক
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাজো সাজো রব। এয়ারফোর্স হেলিকপ্টার পরীক্ষাপত্র বহন করবে। আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ২ লক্ষ নিরাপত্তাকর্মীর বাহিনী মোতায়েন করা হচ্ছে দেশজুড়ে। বহু বিতর্ক, আলোড়ন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, ককরোচ পার্টির জন্ম হওয়া, একের পর এক পড়ুয়ার আত্মহত্যা—এই বিরাট মহাযজ্ঞের ভরকেন্দ্র একটিমাত্র ইভেন্ট। ডাক্তারি পাঠের প্রবেশিকা ‘নিট’। সেই বহু চর্চিত পরীক্ষা অবশেষে আবার হতে চলেছে আজ, রবিবার। কিন্তু আয়োজক সংস্থা কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) পিছু ছাড়ছে না বিতর্ক। পরীক্ষার প্রাক্কালে নাগপুরের এক পরীক্ষার্থী আবদুল্লা মহম্মদ তালিব অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখতে পেল তার পরীক্ষাকেন্দ্র সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবি শহরের এক স্কুল। অথচ এই পরীক্ষার্থী আবেনপত্র পূরণের সময় পছন্দের পরীক্ষাকেন্দ্র হিসাবে লিখেছিল নাগপুর, ওয়ার্ধা অথবা ভান্ডারার মধ্যে যে কোনো একটি শহর। তার সিট কীভাবে আবুধাবিতে পড়তে পারে সেই দুশ্চিন্তায় এই পরীক্ষার্থী ও তার পরিবার দিশাহারা। নিয়ম অনুযায়ী, বিদেশে পরীক্ষাকেন্দ্র হতেই পারে। কিন্তু সেটি যদি পরীক্ষার্থীরা আবেদনপত্র পূরণের সময় অগ্রাধিকারের কথা উল্লেখ করে তবেই। 

Advertisement

এই ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরেছে লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী দলগুলি। ওই পরিবারের বক্তব্য, ‘আমাদের তো পাসপোর্টই নেই। আমরা এরকম কোনো পরীক্ষাকেন্দ্রের অগ্রাধিকারও দিইনি আবেদনপত্রে।’ দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হওয়ায় এনটিএ তড়িঘড়ি আসরে নামে। তারা বিবৃতি দিয়ে জানায়, ‘ওই পরীক্ষার্থী যাতে নাগপুরেই পরীক্ষা দিতে পারে সেই চেষ্টা করছি আমরা। শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।’ সেইসঙ্গে ওই পরীক্ষার্থীর ‘লগ ইন ক্রেডেনশিয়াল’ ব্যবহার করেই পরীক্ষাকেন্দ্র বদল করে আবু ধাবি করা হয়েছে বলে দাবি করা হয়। যদিও বিষয়টি নিয়ে এনটিএকে একহাত নিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, ‘মোদি সরকার দেশের যুবসমাজের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমরা আগেই বলেছি এই সরকারের শিক্ষানীতি আসলে লক্ষ লক্ষ পড়ুয়ার থেকে লক্ষ লক্ষ টাকা আয় করা। ভারতের প্রবেশিকা পরীক্ষা, পেশাপ্রবেশের তাবৎ প্রস্তুতি প্রতিষ্ঠানে ভর্তির পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতি চলছে। কোটি কোটি টাকার খেলা চলছে। দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে মোদি সরকার।’ 
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া কার্যত নিয়মেই পর্যবসিত হয়েছে। এবারও ৩ মে যে পরীক্ষা হয়, সেটিরও প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আন্তঃরাজ্য প্রশ্নফাঁসের চক্রের সন্ধান মেলে। সিবিআই, সিআইডি, এসআইটি, এনআইএ তাবৎ তদন্তকারী সংস্থা তদন্তের ময়দানে নামলে অবশেষে সেই পরীক্ষা বাতিলও হয়ে যায়। তা নিয়ে প্রবল তোলপাড় সৃষ্টি হয়েছিল। আজও কি নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হবে? এই আতঙ্কই ঘিরে রাখছে ২২ লক্ষ ৭৯ হাজার পরীক্ষার্থীকে। দুপুর ২ টো থেকে বিকেল ৫ টা ১৫ পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে দেশের ৫৫১টি এবং বিদেশের ১৪টি শহরে। দেশজুড়ে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। বাতিল হওয়া পরীক্ষা আবার হলেও গত ৩ মে থেকে ২০ জুনের মধ্যে ১০ জন নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছে, যা ওই পরিবারগুলির কাছে অপূরণীয় ক্ষতি।

Advertisement
সম্পর্কিত সংবাদ