Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

কোটায় আত্মঘাতী নিট-এর পড়ুয়া

ফের কোটা। রবিবার ছিল নিট ইউজি। আর শনিবার রাতেই রাজস্থানের কোটার পরশভনাথ এলাকায় আত্মহত্যা করল এক নিট পড়ুয়া।

কোটায় আত্মঘাতী নিট-এর পড়ুয়া
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: ফের কোটা। রবিবার ছিল নিট ইউজি। আর শনিবার রাতেই রাজস্থানের কোটার পরশভনাথ এলাকায় আত্মহত্যা করল এক নিট পড়ুয়া। পুলিস সূত্রে জানা গিয়েছে, নিজের রুমে লোহার গ্রিলে ফাঁস লাগায় সে। ১৮ বছরের নীচে হওয়ায় ওই ছাত্রীর নাম প্রকাশ করতে চায়নি পুলিস। তার বাড়ি মধ্যপ্রদেশের শেওপুরে। যদিও বাবার বক্তব্য, ‘মেয়ে পড়াশোনায় খুব ভালো ছিল। কখনও কোনও হতাশার লক্ষণ দেখা যায়নি। কেন এমন করল, কিছুই বুঝতে পারছি না।’

Advertisement

গত কয়েকবছর ধরে কোটাতে বাবা-মায়ের সঙ্গেই থাকত সে। সেখানেই মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। রবিবার পরীক্ষা দেওয়ার কথা ছিল। সেইমতো শনিবার রাতে শেষমুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল। রাতে বাবা দেখেন, মেয়ে লোহার গ্রিলে ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে কোটায় এনিয়ে ১৪টি আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। গতবছরে আত্মহত্যা করেছিল ১৭ জন পড়ুয়া। কোটার বিভিন্ন হস্টেল ও মেসে এই ধরনের ঘটনা আটকাতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। আত্মহত্যা রুখতে সিলিং ফ্যানের সঙ্গে বিশেষ যন্ত্র বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতেও পরিস্থিতির কোনও বদল হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ