Bartaman Logo
১ জুলাই, ২০২৬

নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ, চাঞ্চল্য রাজস্থানে, সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল

ফের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্নফাঁস! অভিযোগ, সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল পরীক্ষার প্রশ্নপত্র।

নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগ, চাঞ্চল্য রাজস্থানে, সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: ফের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্নফাঁস! অভিযোগ, সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল পরীক্ষার প্রশ্নপত্র। রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত শুরু করেছে। এর মাঝেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, পরীক্ষা সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আয়োজন করা হয়েছিল। তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে পূর্ণ সহযোগিতা করার বার্তাও দিয়েছে তারা। 

Advertisement

গত ৩ মে দেশজুড়ে নিট ইউজি পরীক্ষা হয়। প্রায় ২৩ লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। রাজস্থান পুলিশের তরফে জানানো হয়েছে, একটি সম্ভাব্য প্রশ্নপত্রকে ঘিরে শোরগোল পড়েছে। ওই প্রশ্নপত্রটি পরীক্ষার প্রায় একমাস আগে কিছু ছাত্র-ছাত্রীর মধ্যে ঘুরছিল। অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিশাল বনশল বলেছেন, ওই সম্ভাব্য প্রশ্নপত্রে প্রায় ৪১০টি প্রশ্ন ছিল। যার মধ্যে প্রায় ১২০টি রসায়ন প্রশ্ন আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। কেবল প্রশ্নই নয়, অপশনও মিলে গিয়েছে বলে খবর। অন্য এক সূত্রে দাবি করা হয়েছে, মোট ২৮১টি প্রশ্নের মধ্যে ১৩৫টি প্রশ্ন আসল নিট ইউজির প্রশ্নপত্রের সঙ্গে মিলে গিয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটি কাকতালীয় মিল নাকি এর নেপথ্যে কোনো চক্র রয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি রাজস্থান পুলিশ। এনটিএ অবশ্য জানিয়েছে, জিপিএস ট্র্যাক করা গাড়িতে পাঠানো হয়েছিল প্রশ্নপত্র। প্রতিটি প্রশ্নপত্রে বিশেষ ওয়াটারমার্ক ছিল। এছাড়াও পরীক্ষাকেন্দ্রগুলিতে এআই ভিত্তিক সিসি ক্যামেরার নজরদারি, বায়োমেট্রিক যাচাই ও ফাইভ জি জ্যামার ব্যবহার করা হয়েছিল। এনটিএ-এর দাবি, পরীক্ষার দিন সবকেন্দ্রেই স্বাভাবিকভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ৭ মে সন্ধ্যায় কিছু সম্ভাব্য অনিয়মের তথ্য তাদের কাছে এসেছে। সেই তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হয়েছে। 
২০২৪ সালে নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। হাজার হাজার টাকায় প্রশ্নপত্র কেনার অভিযোগ উঠেছিল। এবারও তেমন কোনো ঘটনা ঘটেছে কি না, তা জানতে তদন্ত চলছে। এই ঘটনায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। রাহুলের অভিযোগ, ২০২৬ সালের নিট পরীক্ষায় দুর্নীতির খবর শুনেছি। এটি এখন আর নিছক পরীক্ষা নয়। এটি নিলামে পরিণত হয়েছে। প্রিয়াঙ্কার অভিযোগ, বারবার পরীক্ষা দুর্নীতি দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করছে। তাঁর প্রশ্ন, কতদিন এভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হবে?  

Advertisement
সম্পর্কিত সংবাদ