Bartaman Logo
২ জুন, ২০২৬

নিট: প্রশ্নফাঁস রোখার গ্যারান্টি দিতে পারলেন না এনটিএ-র ডিজি, ক্ষুব্ধ শিক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটি

প্রশ্ন ফাঁসের বিষয় হোক বা ভবিষ্যতে নিরাপদে পরীক্ষা। কোনো কিছুতেই ‘গ্যারান্টি’ দিতে পারল না ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। জানিয়ে দিল, চেষ্টা করব।

নিট: প্রশ্নফাঁস রোখার গ্যারান্টি দিতে পারলেন না এনটিএ-র ডিজি, ক্ষুব্ধ শিক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটি
  • ২ জুন, ২০২৬ ০৪:০০

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: প্রশ্ন ফাঁসের বিষয় হোক বা ভবিষ্যতে নিরাপদে পরীক্ষা। কোনো কিছুতেই ‘গ্যারান্টি’ দিতে পারল না ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। জানিয়ে দিল, চেষ্টা করব। কিন্তু প্রশ্ন যে আর কোনোদিন ফাঁস হবে না, এমনটা নিশ্চিত করে বলা কঠিন। এমতাবস্থায় আগামী ২১ জুনের নিট (ইউজি)-র পরীক্ষা কতটা নিরাপদ, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এনটিএ’র এহেন জবাবে প্রবল ক্ষুব্ধ শিক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটি। তাই এনটিএ’কে চাপে রাখতে রীতিমতো স্বাধিকার ভঙ্গের (প্রিভিলেজ) বিষয়ে সতর্ক করা হয়েছে।

Advertisement

সোমবার বৈঠকে হাজির হয়েছিলেন এনটিএ’র ডিজি অভিষেক সিং। ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব বিনীত যোশি। সেখানেই রাজ্যসভার কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংয়ের সভাপতিত্বে প্রশ্ন ফাঁসের বিষয়টি উঠে আসে। যদিও এই বিষয়ে এনটিএ’র ডিজি কোনো গ্যারান্টি দিতে না পারায় হতবাক হন কমিটির সিংহভাগ সদস্য। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, তখনই এনটিএ’র ডিজিকে ২০ দফা প্রশ্নতালিকা ধরানো হয়েছে। জানতে চাওয়া হয়েছে, এর পরেও যদি প্রশ্ন ফাঁস হয়, তার দায় কে নেবে? বলা হয়েছে, আগামী ১০ জুনের মধ্যে ওই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। না হলে এনটিএ’র ডিজির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের উদ্যোগ নেওয়া হতে পারে।
এর আগের বৈঠকে এনটিএ ডিজি জানিয়েছিলেন, তাঁদের সংস্থার পক্ষ থেকে আদৌ প্রশ্ন ফাঁস হয়নি। শুধু তাই নয়, বিষয়টিকে প্রশ্ন ফাঁস বলেও মানতে চাননি অভিষেক সিং। বলেছিলেন, ‘ম্যালপ্র্যাকটিস।’ ‘অসদাচরণ।’ তাই মাথার উপর খাঁড়া ঝোলানো প্রশ্নমালার জবাবের ক্ষেত্রে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। বলা হয়েছে, এনটিএ’র সংজ্ঞা অনুযায়ী প্রশ্নপত্র ফাঁস বলতে কী বোঝায়? ২০২৪ সালে নিটে যে অনিয়মের অভিযোগ উঠেছিল, সেই বিষয়ে সিবিআই তদন্তের বাইরে এনটিএ নিজস্ব কোনো তদন্ত করেছে কি? এনটিএ’র আর্থিক বিষয়েও জানতে চেয়েছে কমিটি। আগামী ১০ জুনের মধ্যে ২০১৭ সাল থেকে আয়-ব্যয়ের যাবতীয় হিসাব তাদের জানাতে হবে। উদ্বৃত্ত আয় কীভাবে খরচ হয়েছে, বলতে হবে সেকথাও। রাধাকৃষ্ণন কমিটির ১০১টি সুপারিশের পর এনটিএ কী পদক্ষেপ নিয়েছে, তারও রিপোর্ট দিতে বলা হয়েছে। প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত কি না, সেকথাও জানাতে হবে। 
সূত্রের খবর, কমিটির বৈঠকে বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ এনটিএ ডিজির কাছে জানতে চান, নিটের কোচিং সেন্টার যে প্রশ্নপত্র পেয়ে যাবে না, তার নিশ্চিত করতে কী করেছেন? গ্রামীণ এবং পাহাড়ি এলাকায় আগামী ২১ জুনের পরীক্ষায় প্রশ্নফাঁ রুখতেই বা কী ব্যবস্থা নেওয়া হয়েছে? জবাবে অভিষেক সিং জানিয়েছেন, প্রতিটি রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। আগামী দিনে এই পরীক্ষা পেন অ্যান্ড পেপার নাকি কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) হবে, তা ঠিক করতে উচ্চশিক্ষা দপ্তর তিন সদস্যের এক বিশেষজ্ঞ টিম তৈরি করেছে। তাঁরা শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

সম্পর্কিত সংবাদ