পাটনা: পরীক্ষা দেওয়ার কথা ছিল একজনের। কিন্তু তার বদলে পরীক্ষা দিলেন অন্যজন। সঞ্জয় দত্ত অভিনীত ‘মুন্নাভাই এমবিবিএস’ সিনেমার বাস্তব সংস্করণ দেখা গেল বিহারে। তবে শেষ রক্ষা হল না। রবিবার নিট-ইউজির রিটেস্টে এমন জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে বিহারের লক্ষ্মীসরাইতে ধরা পড়ল ৩০ জন। ধৃতদের মধ্যে রয়েছে সাধারণ পরীক্ষার্থী থেকে হবু চিকিৎসক মায় পরীক্ষার সঙ্গে যুক্ত বায়োমেট্রিক সংস্থার কর্মীরাও। পুলিশ মনে করছে এই জালিয়াতি চক্রের মাথা অর্পিত রাজ। গয়ার এএনএম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পড়ুয়া অর্পিতকে ২০২৪ সালের নিট-পিজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আগেই জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। অর্পিত ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে ময়ঙ্ক কাশ্যপ নামের এক এমবিবিএস পড়ুয়াকেও। সে পাটনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তৃতীয় বর্ষের পড়ুয়া। পুলিশ জানিয়েছে, অসুস্থতার কারণ দেখিয়ে কলেজ থেকে ছুটি নিয়েছিল ময়ঙ্ক। তাকে লক্ষ্মীসরাই থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও রয়েছে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত বায়োমেট্রিক সংস্থার ১৪ জন কর্মী।



