নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট-ইউজি মিটে না যাওয়া পর্যন্ত বন্ধ থাকবে টেলিগ্রাম অ্যাপ। আগামী ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম অ্যাপের উপর এহেন নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। মঙ্গলবারই জানিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। উল্লেখ্য, আগামী রবিবার, ২১ জুন মেডিকেলে ভরতির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি পুনরায় হবে। এর আগে প্রশ্ন ফাঁসের কারণে ২০২৬ সালের নিট-ইউজি পরীক্ষা বাতিল হয়েছিল। পুনরায় নিটে যাতে কোনোরকম গোলযোগ না ঘটে, সেই কারণে এবার গোড়া থেকেই যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। সেই প্রস্তুতিরই সাম্প্রতিকতম পদক্ষেপ হল সাময়িকভাবে ভারতে টেলিগ্রাম অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা।
কেন্দ্র জানিয়েছে, ‘রি-নিট মাফিয়া’, ‘প্রাইভেট মাফিয়া’, ‘পেপার লিকড নিট’, ‘রি-নিট ২০২৬’-এর মতো একাধিক গ্রুপ খোলা হচ্ছে টেলিগ্রাম অ্যাপে। সেখান থেকে নানারকম ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এরই পাশাপাশি রি-নিটের প্রশ্ন পরীক্ষার আগেই হাতে তুলে দেওয়ার টোপ দিয়ে ১৪ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। এমনকি কোথাও কোথাও ১০ লক্ষ টাকা পর্যন্ত দাবি করছে অসাধু ব্যবসায়ীরা। তৈরি হচ্ছে গুজব। সবমিলিয়ে পরীক্ষার আগে আরও উদ্বেগ বাড়ছে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। এই পরিস্থিতিতে তাই টেলিগ্রাম অ্যাপ বন্ধ করে কালোবাজারিদের কারবারে লাগাম টানতে তৎপর হয়েছে মোদি সরকার। মঙ্গলবার এনটিএর ডিরেক্টর অভিষেক সিং জানিয়েছেন, ‘টেলিগ্রাম অ্যাপ বন্ধ করলেই যে কালোবাজারি পুরোপুরি বন্ধ হয়ে যাবে, তা নয়। এটি ফুলপ্রুফও নয়। তবে অসাধু ব্যবসায়ীদের কারবারে রাশ টানা যাবে। রি-নিটের কোনো প্রশ্ন ফাঁস হয়নি। তাই কেউ টোপ দিলে ভুলেও টাকা পাঠাবেন না। তাহলে আপনার টাকাও জলে যাবে।’
ইতিমধ্যেই গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপের ইনস্টলেশন প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। একই পদক্ষেপ করতে বলা হয়েছে অ্যাপলকেও। যদিও ইন্টারনেট ব্যবহারকারীদের একটি বড়ো অংশ অভিযোগ করছে, নিষেধাজ্ঞা জারির পরেও অনেক ক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করা যাচ্ছে। মঙ্গলবার এনটিএর ডিরেক্টর জানিয়ে দিয়েছেন, ‘২০২৭ সাল থেকে নিট-ইউজি সম্পূর্ণভাবে কম্পিউটার ভিত্তিক হবে। আগামী বছরের জন্য ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হলে জালিয়াতির আশঙ্কা কার্যত আর থাকবে না।’ সুষ্ঠুভাবে রি-নিট আয়োজন করতে গিয়ে একপ্রকার ঘুম উড়েছে কেন্দ্রের। পরীক্ষা আয়োজককারী সংস্থা এনটিএ জানিয়েছে, মোট ৫ হাজার ৪৪০টি সেন্টারে রি-নিট হবে।