গ্লাসগো: কনকনে ঠান্ডা। তার উপর দমকা হাওয়া। আবহাওয়া এতটাই প্রতিকূল যে, একজন জ্যাভেলিন থ্রোয়ারও পারলেন না অটোমেটিক কোয়ালিফিকেশন মার্ক (৮৪ মিটার) অতিক্রম করতে। তারই মধ্যে রীতিমতো ঘাম ঝরিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলেন ভারতের তিন থ্রোয়ার— নীরজ চোপড়া, রোহিত যাদব ও যশবীর সিং। কমনওয়েলথ গেমসের জ্যাভেলিন ইভেন্টের কোয়ালিফায়িং রাউন্ডে নীরজের অবস্থান পাঁচ নম্বরে। তিনি ছুড়েছেন ৭৯.৬১ মিটার। রোহিত যাদব (৭৮.৩৭ মিটার) এবং যশবীর সিং (৭৮.৩৬ মিটার) শেষ করেছেন যথাক্রমে নবম এবং দশম স্থানে। শুক্রবার এই ইভেন্টের ফাইনাল।
নীরজদের অগ্রগতির দিনে ভারতকে এদিন রুপো এনে দিলেন লাভপ্রীত সিং। পুরুষদের ১১০ কেজি ভারোত্তোলনে শেষ মুহূর্ত পর্যন্ত বড়ো ব্যবধানে এগিয়ে থেকেও মাত্র এক কেজির ব্যবধানে সোনা হাতছাড়া হল তাঁর। স্ন্যাচ এবং ক্লিন-জার্ক মিলিয়ে লাভপ্রীত তুলেছেন ৩৮৮ কেজি ওজন। কিন্তু অন্তিম প্রচেষ্টায় অবিশ্বাস্যভাবে ১৫ কেজির ঘাটতি মিটিয়ে সেরার মুকুট ছিনিয়ে নেন নিউজিল্যান্ডের ডেভিড লিটি। স্ন্যাচ এবং ক্লিন-জার্ক মিলিয়ে তিনি তোলেন ৩৮৯ কেজি ওজন। সোনা হাতছাড়া হলেও লাভপ্রীতের পারফরম্যান্স যথার্থই তারিফযোগ্য। চলতি গেমসে ভারতের ঝুলিতে আপাতত ১৬টি পদক (৩টি সোনা, ১০টি রুপো ও ৩টি ব্রোঞ্জ)।
শুক্রবার নীরজের কাছে সোনার আশায় থাকবেন ভারতীয়রা। এদিন প্রত্যাশিত থ্রোয়ের ধারেকাছে পৌঁছাতে না পারলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট নীরজ। গেমস ভিলেজে ফেরার আগে ভারতীয় তারকা বলেন, ‘আবহাওয়া মোটেও জ্যাভেলিন থ্রোয়ের অনুকূল ছিল না। হাড় কাঁপানো ঠান্ডা। সেই সঙ্গে ছিল জোরালো হাওয়া। বাতাস যে সবসময় সামনে থেকে আসছিল তা নয়, কখনো কখনো তা পাশ থেকেও বইছিল। ঠিক কোন দিকে থ্রো করতে হবে, তা বুঝে ওঠা সত্যিই কঠিন। এমন পরিস্থিতিতে ৭৯ মিটারের থ্রো খুব একটা খারাপ নয়। লক্ষ্য ছিল, স্রেফ এনার্জি বাঁচিয়ে ফাইনালে ওঠা। ভালো লাগছে, আমরা তিনজন ভারতীয়ই যোগ্যতা অর্জনকারী ১২ জনের তালিকায় জায়গা নিশ্চিত করেছি। শুক্রবার সেরাটা উজাড় করে দিতে হবে।’ জ্যাভেলিনের কোয়ালিফায়িং পর্বে ৮২.৮৪ মিটার ছুড়ে সবার উপরে শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে। দু’নম্বরে গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (৮১.২৯ মিটার)। দক্ষিণ আফ্রিকার ডউ স্মিট এবং ইংল্যান্ডের বেন ইস্টও ৮০ মিটারের উপর থ্রো করে পদকের স্বপ্ন দেখছেন। তবে প্যারিস ওলিম্পিকসে সোনাজয়ী পাকিস্তানের আরশাদ নাদিমকে চেনা ছন্দে দেখা যায়নি। ৭৮.৬৩ মিটার ছুড়ে সপ্তম স্থান পান তিনি।