নয়াদিল্লি: এশিয়ান গেমসের ভারতের পদকের আশায় বড়ো ধাক্কা। ট্রেনিংয়ের সময় গোড়ালির লিগামেন্টে চোটের জন্য এই মরশুমেই আর নামতে পারবেন না নীরজ চোপড়া। ওলিম্পিকসে দু’বারের পদকজয়ী শনিবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন। ২১ আগস্ট লুসান ডায়মন্ড লিগে এই মরশুমের সেরা থ্রোয়ের পরই চোট পান তিনি।
ইনস্টগ্রামে নীরজ লিখেছেন, ‘লুসানে অংশ নেওয়ার পরই দুর্ভাগ্যজনকভাবে লিগামেন্টে চোট পাই। ডাক্তার ও আমার টিমের সঙ্গে আলোচনার পরই বাকি মরশুমে আর না নামার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও লেখেন, ‘খারাপ লাগছে কারণ আমি কঠোর পরিশ্রমের মধ্যে ছিলাম। লুসানে মরশুমের সেরা থ্রো-ও করলাম। যখন সেরা ছন্দে আসতে চলেছি, তখনই চোটে কাবু হয়ে পড়েছি। এটাই যন্ত্রণার। তবে চোটআঘাত খেলাধুলারই অঙ্গ। বাকি মরশুম বিশ্রাম নেওয়া ছাড়া উপায় নেই। দ্রুত সেরে ওঠাই আমার লক্ষ্য। আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে চাইছি। পাশে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ।’
গত সেপ্টেম্বর থেকেই ‘লোয়ার ব্যাক ইনজুরি’ ভোগাচ্ছিল নীরজকে। তবে টোকিয়ো অলিম্পিকসে সোনাজয়ী ও প্যারিস ওলিম্পিকসে রুপোজয়ী তা সারিয়ে উঠে ক্রমশ ছন্দে ফিরছিলেন। কমনওয়েলথ গেমসে রুপো জয়ের পর সম্প্রতি লুসান ডায়মন্ড লিগেও দ্বিতীয় স্থান দখল করেন তিনি। আসন্ন এশিয়ান গেমসেও তাঁর পদক জয়ের উজ্জ্বল সম্ভাবনা ছিল। তাই নীরজের চোট ভারতের কাছে বড়ো ধাক্কা।