Bartaman Logo
৯ জুন, ২০২৬

২ মাসের প্রয়োজনীয় তেল ও জ্বালানি মজুত আছে, বিবৃতি কেন্দ্রের

তেল সংস্থাগুলি আগেভাগে প্রয়োজনীয় জ্বালানি মজুত করেছে বলে কেন্দ্রের তরফে এদিন দাবি করা হয়।

২ মাসের প্রয়োজনীয় তেল ও জ্বালানি মজুত আছে, বিবৃতি কেন্দ্রের
  • ২৬ মার্চ, ২০২৬ ১৮:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ২৬ মার্চ: দেশে ৫৩ লক্ষ মেট্রিক টন পেট্রলিয়াম মজুত রয়েছে বলে গত সোমবার লোকসভায় দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ঠিক তিন দিনের মাথায় একই আশ্বাসবাণী দিল কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অন্তত দু’মাস চলার মতো প্রয়োজনীয় তেল এবং জ্বালানি দেশে মজুত আছে। ফলে অহেতুক উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

Advertisement

ইরান ও আমেরিকা-ইজরায়েল যুদ্ধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ব্যতিক্রম নয় ভারত। পরিস্থিতি আঁচ করে তেল সংস্থাগুলি আগেভাগে প্রয়োজনীয় জ্বালানি মজুত করেছে বলে কেন্দ্রের তরফে এদিন দাবি করা হয়। পাশাপাশি, জোগান অব্যাহত রাখার জন্যও প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হয়েছে বলেও জানানো হয়েছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছে রান্নার গ্যাস ঘাটতির দৃশ্য। দেশে কি এবার ‘এনার্জি লকডাউন’ জারি হবে? এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। কিন্তু সেই সমস্ত সম্ভাবনাকে সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়েছে সরকারের তরফে।
পশ্চিম এশিয়া সংকট নিয়ে আগামীকাল ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনে করা হচ্ছে, দেশে জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র কী কী পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়ে বিশদে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সাপ্লাই চেইন এবং বিদেশে অবস্থিত ভারতীয়দের নিরাপত্তার প্রসঙ্গও বৈঠকে উঠতে পারে।

সম্পর্কিত সংবাদ