যোগাসনে প্রায় ১৫ হাজার অন্তঃসত্ত্বা
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাকি জেলার মতো দক্ষিণ পরগনা স্বাস্থ্য জেলাতেও পালিত হচ্ছে আয়ুষ্মান সপ্তাহ। শনিবার থেকে তা শুরু হয়েছে, এই কর্মসূচি চলবে ১৬ আগস্ট পর্যন্ত। এই স্বাস্থ্য জেলা এই সময়কালে এক বিশেষ উদ্যোগ নিতে চলেছে। আগামী কাল, ১১ আগস্ট আয়ুষ দিবস পালন করা হবে জেলায়। সেদিন প্রায় ১৫ হাজার গর্ভবতী মহিলাকে যোগা করানো হবে। লক্ষ্য, তাঁদের শরীরকে নর্মাল ডেলিভারির জন্য তৈরি করা। ঠিক হয়েছে, ওইদিন দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার সব স্বাস্থ্যকেন্দ্রে এই কর্মসূচি পালন করা হবে। যাঁর বাড়ির কাছে যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে সংশ্লিষ্ট মহিলাকে নিয়ে যাওয়া হবে। এই মহিলারা যাতে বাড়িতেও সেই যোগা অনুশীলন করেন, সে ব্যাপারে উৎসাহ দেবেন চিকিৎসকরা। এমনিতেই অন্যান্য সময় বিক্ষিপ্তভাবে অন্তঃসত্ত্বাদের যোগা করানো হয়। সেটাকেই আরও পরিকল্পনামাফিক করতে চাইছেন স্বাস্থ্যজেলার কর্তারা। যাঁরা মা হওয়ার কথা ভাবছেন, তাঁরা এই অন্তঃসত্ত্বাদের দেখে অনুপ্রাণিত হবেন বলে আশা কর্তাদের। গর্ভবতীদের সেমি স্কোয়াটিং, বাটারফ্লাই, ক্যাট ক্যামেল প্রভৃতি যোগাসন করানো হবে। চিকিৎসকদের মতে, নিয়মিত এই নিয়ে চর্চা করলে প্রসবের সময়ে কোনো সমস্যা হয় না। উলটে সিজারের প্রবণতা কমে।

Advertisement