নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কড়া শাস্তি এড়িয়ে ড্যামেজ কন্ট্রোলই অন্যতম মূল লক্ষ্য। পাঠ্য বই বিতর্কে এবার নিঃশর্তে ক্ষমা চাইল এনসিইআরটি। মঙ্গলবার রীতিমতো বিবৃতি জারি করে এব্যাপারে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়েছে এনসিইআরটির অধিকর্তা এবং সদস্যদের পক্ষ থেকে। একইসঙ্গে এনসিইআরটি জানিয়েছে যে, বইয়ের এক কপিও আর বাজারে নেই। সমস্ত বই তুলে নেওয়া হয়েছে। সম্প্রতি অষ্টম শ্রেণির সামাজিক বিজ্ঞানের (সোশ্যাল সায়েন্স) ‘এক্সপ্লোরিং সোসাইটি— ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক পাঠ্য বই নিয়ে তুমুল বিতর্কে জড়িয়ে পড়ে কেন্দ্রের বিজেপি সরকার। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ওই পাঠ্য পুস্তকের ‘দ্য রোল অব জুডিসিয়ারি ইন আওয়ার সোসাইটি’ শীর্ষক চতুর্থ অধ্যায়। অভিযোগ, ওই অধ্যায়ে দেশের বিচার বিভাগীয় ব্যবস্থার দুর্নীতি প্রসঙ্গ উল্লেখ করা হয়। এমনকি এও বলা হয় যে, এহেন দুর্নীতির জন্য দেশের সাধারণ মানুষের একটি অংশ ন্যায়বিচার পাওয়া থেকেই বঞ্চিত হচ্ছেন।এরপরই বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট।



