নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: পুজোর ছুটির সেরা ডেস্টিনেশন উত্তরবঙ্গ। দার্জিলিং পাহাড় হোক কিংবা ডুয়ার্সের জঙ্গল সাফারি। ভ্রমণপিপাসু বাঙালির প্রথম পছন্দ উত্তরবঙ্গ। পর্যটকদের পাশাপাশি পুজোর ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছেন সরকারি বেসরকারি অফিসের কর্মীরাও। ফলে উত্তরবঙ্গে আসা এবং এখান থেকে যাওয়ার ট্রেনগুলিতে তিল ধারনের জায়গাটুকু নেই। টিকিট কার্যত অমিল। শিয়ালদহ, হাওড়া, কলকাতা স্টেশন থেকে ছাড়া উত্তরবঙ্গমুখী কোনো ট্রেনেরই টিকিট নেই। যাত্রী চাহিদা দেখে কলকাতা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে প্রায় ৩০টি বাস নামাল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।
এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনীকুমার রায় বলেন, কলকাতা থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার সহ বিভিন্ন রুটে প্রচুর বাস নামানো হচ্ছে। চাহিদা অনুযায়ী আরও বাস নামানো হতে পারে।
কোচবিহার, শিলিগুড়ি, বালুরঘাট, রায়গঞ্জ, মালদহ থেকে কলকাতাগামী সারা বছর আটটি বাস চলাচল করে। চতুর্থী থেকে সংখ্যাটা বাড়িয়ে এক লাফে ৩০ করা হয়েছে। এরমধ্যে বেশকিছু বাস এসি এবং এসসি স্লিপার কোচ। বাকি বাস নন এসি।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকেই যেহেতু উত্তরবঙ্গে বেশি মানুষ আসছে, তাই বাড়তি বাসগুলি কলকাতা থেকেই ছাড়া হচ্ছে। কলকাতা থেকে শুধুমাত্র শিলিগুড়ির জন্যই ছাড়া হচ্ছে ১৮টি বাস। এরমধ্যে আবার কিছু বাস শিলিগুড়ির তেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাস হয়ে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি এবং আলিপুরদুয়ার যাবে। এছাড়াও মালদহ, বালুরঘাট ও রায়গঞ্জের জন্য কলকাতা থেকে প্রতিদিন দু’টি করে বাস ছাড়া হচ্ছে। কলকাতা থেকে কোচবিহারের জন্য ছাড়া হচ্ছে পাঁচটি আলাদা বাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এই বাড়তি বাস পরিষেবা নবমী পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।
২১ অক্টোবর দশমী। অনেকেই পুজোর ছুটি কাটিয়ে পরের দিন কলকাতা ফিরতে শুরু করবেন। সেই সময় আবার সংশ্লিষ্ট রুটে বাসের চাহিদা বেড়ে যাবে। তাই সেই কথা মাথায় রেখে ২২ অক্টোবর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন বাস টার্মিনাস থেকে কলকাতার অভিমুখেও প্রায় সমসংখ্যক বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি কর্তৃপক্ষ। চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা পরবর্তীতে বাড়ানো হতে পারে বলে নিগম সূত্রে খবর। এদিকে, কলকাতা রুটে বাড়তি বাস চালাতে গিয়ে লোকাল রুটে কোপ পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।



